স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের সামনে চলল গুলি! সবে সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন ট্রাম্প। এরই মাঝে হোয়াইট হাউসের বাইরে সন্দেহভাজন দুষ্কৃতীর আনাগোনা শুরু হয়। নেহাতই সন্দেহের বশে এক ‘সশস্ত্র’ দুষ্কৃতীকে গুলি করেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। হোয়াইট হাউসের বাইরের এই কান্ডকারখানার জন্য সোমবার বেশ কিছুক্ষণ সাংবাদিক বৈঠক বন্ধ রাখেন মার্কিন প্রেসিডেন্ট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবার ফিরে আসেন।
কি ঘটেছিল ওই দিন?
অন্যান্যদিনের মতোই সোমবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে চীন, করোনা এবং রাশিয়া এই বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকা সিক্রেট সার্ভিসের এক অফিসার এসে ট্রাম্পের কানে কানে কিছু বলেন। আর তারপরই সেখান থেকে তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ব্রিফিং রুম। জানা যায় নিরাপত্তার কারণে মার্কিন প্রেসিডেন্টকে সরানো হয়েছে। কিছুক্ষণ পরই অবশ্য সাংবাদিক বৈঠকে ফিরে আসেন মার্কিন প্রধান। এবং এসে জানান, হোয়াইট হাউসের সামনে গুলি চলেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। ওই ব্যক্তির আছে অস্ত্র ছিল বলেও দাবি করা হয় মার্কিন সিক্রেট সার্ভিসের তরফে। যদিও ঠিক কী উদ্দেশ্যে সে হোয়াইট হাউসের কাছে গিয়েছিল, তা স্পষ্ট নয়। তবে বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি।
https://twitter.com/FarhangNamdar/status/1292951170902822917
জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের পর বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন যখন তীব্র তখন একবার হোয়াইট হাউসের বাঙ্কারে সরাতে হয়েছিল তাঁকে। তারপর অবশ্য হোয়াইট হাউসের সামনে দুষ্কৃতীর আনাগোনার খবর আর শোনা যায়নি। কিন্তু সোমবারের ঘটনা নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।





