মার্কিন ইতিহাসে এই প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টের ভূমিকা পালন করলেন। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলালেন। তবে যদিও তা সাময়িকভাবে। তবে আমেরিকার ইতিহাসে এই প্রথমবার কোনও মহিলা প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন।
আজ, শুক্রবার স্থানীয় সময় ১০টা ১০ মিনিট থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নেন কমলা হ্যারিস। সেই সময় থেকে ১১টা ৩৫ মিনিট, এই দেড় ঘণ্টা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন কমলা হ্যারিস।
জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন। এর মধ্যে ছিল কোলনস্কোপিও। হোয়াইট হাউজ়ের তরফে জানানো হয়েছে যে এই কোলনস্কোপির জন্য প্রেসিডেন্ট বাইডেনকে অজ্ঞান করা হয়েছিল। এই কারণে স্বেই সময়ে পদাধিকার বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
মার্কিন ইতিহাসে জো বাইডেন সবথেকে বেশি বয়সি প্রেসিডেন্ট। আগামিকালই ৭৯ তে পা দেবেন তিনি। এর ঠিক তার আগেই আজ ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে গিয়েছেন তিনি বছরের রুটিন চেক আপের জন্য।
জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথমবারের জন্য রুটিন চেক আপ করালেন জো বাইডেন। শারীরিক পরীক্ষার সময় বাইডেনের কোলনস্কোপিও করা হয়। সেই সময় তাঁকে অজ্ঞান করা হয়। অতীতের রীতি অনুযায়ী, এই সময় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন বাইডেনের ডেপুটি কমলা হ্যারিস। এই সময়ে আমেরিকার সশস্ত্র বাহিনী এবং পারমানবিক শক্তির নিয়ন্ত্রণও ছিল কমলা হ্যারিসের হাতে।
সম্প্রতি এক গুঞ্জন রটে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে। এও শোনা যায় যে বাইডেন হয়ত নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন ও কমলাকে সর্বোচ্চ আদালতে পাঠানো হতে পারে। বেশ কিছু মিডিয়া রিপোর্টে এমন তথ্য জানানো হয়।
সিএনএন এক চমকে দেওয়া রিপোর্টে দাবী জানায় যে ওয়েস্ট উইংয়ের কর্মচারীরা নাকি কমলা হ্যারিস ও তাঁর সহযোগীদের নির্দেশ সেভাবে মানছেন না। সময়ের অভাবে এমন করা হচ্ছে বলে কারণ দেখানো হয়।





