পক্ষপাতিত্বের অভিযোগকে নস্যাৎ করে করোনার বিষয়ে খতিয়ে দেখতে চীন যাচ্ছে হু

আগামী সপ্তাহে করোনার উৎস সন্ধানে চীন যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ তদন্তকারী কমিটি। আমেরিকার প্রেসিডেন্ট এর আগে হু-এর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন। তাই নিজেদের প্রমান করতে হলে হু এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর।

গত জানুয়ারিতেই হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে করোনার উদ্বেগের কথা মাথায় রেখেই, চীনে শীঘ্র তদন্তকারী দল পাঠানো নিয়ে বেজিংয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। তবে সেই মুহূর্তে দল পাঠানোর কথা হলেও, কেউই চীনে করোনা নিয়ে তদন্ত করতে যাননি। ফলে নানা মহলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ঘেব্রিয়েসুসকে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হু-এর প্রধান গবেষক ড. সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, “কোভিড-১৯ এর উৎস খুঁজে বের করতে ‘বিস্তারিত তদন্তের’ প্রয়োজন। তাই সরজমিনে সব কিছু খতিয়ে দেখতে আমাদের ডিসেম্বর মাসে ফিরে যেতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে এবং কখন মানব দেহে প্রবেশ করল ভাইরাসটি। নিপাহ যেমন বাদুড় থেকে ছড়িয়েছিল তেমনি এটিও কোনো পশু-পাখির দেহ থেকে ছড়িয়েছে কিনা সেটা দেখতে হবে।”

উল্লেখ্য, হু-এর প্রধান জানিয়েছিলেন, গত বছর ডিসেম্বরের ৩১ তারিখ ইউহান শহরের নিউমোনিয়ার মতো রোগের প্রাদুর্ভাবের খবর সামনে আসে। চীনে অবস্থিত হু-এর অফিস এই বিষয়টি জানতে পারে এই বছর ১লা জানুয়ারিতে। প্রসঙ্গত, বিশ্বব্যাপী যেভাবে করোনার প্রকোপ বেড়েই চলেছে তা থেকে মুক্তির পথ খুঁজতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা। এমনকি একাধিক ওষুধের মানব দেহে ট্রায়ালও শুরু হয়েছে।

তার মধ্যে আরও খানিকটা আশার আলো দেখাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারাও ইতিমধ্যেই করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। শীঘ্রই মিলবে তার ফলাফল। শুক্রবার হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানান, মানব দেহে এই ট্রায়াল সফল হলে অনেক রোগীকেই এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচানো যাবে এবং ওই ওষুধ হবে বিজ্ঞানের ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি।

RELATED Articles

Leave a Comment