যে মারণ ভাইরাসের কবলে পড়ে সারা পৃথিবী এখন বিধ্বস্ত সেই ভাইরাসের উৎপত্তিস্থল চীনের ইউহান। গত জানুয়ারি থেকে বাড়তে থাকা সংক্রমণে চীনে মারা গেছেন কয়েক হাজার মানুষ। এরপর কিছুদিনের জন্য সেই ভয়ঙ্কর প্রকোপ থেকে মুক্তি পেয়েছিল চীন। কিন্তু সেই মুক্ত পরিবেশ চিরস্থায়ী হলো না। ফের সংক্রমনের মুখে গিয়ে পড়ল চীন। কিন্তু তা সত্ত্বেও এ মাসের শেষ থেকেই ট্রেন, প্লেন ও মালবাহী গাড়ি চলাচল শুরু করার সিদ্ধান্ত নিল চীনের সরকার।
ইউহানের ভাইস মেয়র লি জিকিং জানিয়েছেন চলতি মাসের শেষ থেকেই পুনরায় ট্রেন, প্লেন ও মালবাহী গাড়ির পরিষেবা চালু করা হবে। তিনি আরও বলেছেন, এগুলোর সাথে শুরু হবে ট্যাক্সি পরিষেবা, ইয়াংসি নদীর ওপর বন্দরগুলিতেও এ মাসের শেষে আগের মত কাজ শুরু হবে।
জানুয়ারী থেকে শুরু করে সেখানে প্রায় ২ মাস ধরে চলেছিল করোনার তান্ডব। চিকিৎসক থেকে সাধারণ মানুষ কেউই বাদ যায়নি সংক্রমন থেকে। মৃত্যু যেন তাদের দুয়ারে দাঁড়িয়েছিল। এমতাবস্থায় দেশে শুরু হয় লকডাউন। করোনা সংক্রমণের জেরে ইউহানে ২ মাসের বেশি লকডাউন চলে। পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় এই মাসের মাঝামাঝিতে লকডাউন তুলে নেওয়া হয়।
চীন তার সম্প্রতি ঘটনাগুলি থেকে একপ্রকার মুখ ঘুড়িয়েই এই গণপরিবহন ব্যবস্থা চালু করছে। এর ভবিষ্যৎ কি হতে চলেছে কেউ জানে না। চীনের এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে কোনো বড় বিপদ আনতে চলেছে? প্রশ্ন অনেকের মধ্যেই।





