করোনা বীভৎসতার মধ্যেও রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত বিদ্যমান। আজ বৃহস্পতিবার মমতাকে খোঁচা দিয়ে একটি ট্যুইট করেন জগদীপ ধনকড়।
তিনি লেখেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে তৎপর রাজ্য। তবে এই যুদ্ধকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। প্রতিক্রিয়া দেওয়ার বদলে কাজ করতে হবে, গঠনমূলক ব্যবস্থা নিতে হবে। রাজ্যপালের কথায়, ‘আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন। এটা একটা কঠিন সময়।’
প্রসঙ্গত, বুধবার সকালেই রাজ্যপাল একটি ট্যুইট করেন। সেখানে তাঁর বক্তব্য ছিল, রাজ্যে ১০০ শতাংশ লকডাউন করতে বা সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। এর জন্য রাজ্যে প্যারা মিলিটারি ফোর্সের পক্ষে সওয়াল করেন তিনি। বিষয়টি নিয়ে বিকালে নবান্নে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
https://twitter.com/jdhankhar1/status/1250599695719600128
নাম না করে বিরক্ত মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্যারা মিলিটারি ফোর্সের কথা বলছেন। আরে বলে দিলেই হল? প্যারা মিলিটারি ফোর্স কী করবে? আরে আর্মির ডাক্তারদেরও তো করোনা হচ্ছে। সিআইএসএফ-এর ডিজি কোয়ারেন্টিনে চলে গিয়েছেন।’ এরপরই তিনি বলেন ‘এই সময়ে ঘোলা জলে মাছ ধরাটা কি খুবই প্রয়োজন?’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘এটা একটা কঠিন সময়। এটা যেন সমষ্টিগতভাবে না বাড়ে, সেটা যেন সবাই একটু খেয়াল রাখি।’
এবার মমতার সেই কথারই পাল্টা প্রতিক্রিয়া দিলেন জগদীপ ধনকড়। সবশেষে বলা যায় যে, রাজভবন-রাজ্য সরকারের এই শীতল সম্পর্ক এখনই শেষ হওয়ার নয়।





