বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার আবারও আলোচনায়। ‘হাম দিল দে চুকে সনম’ এবং ‘দেবদাস’-এর মতো ছবিতে তাঁর সুর আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে। তবে এবার তাঁকে নিয়ে চর্চা তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে। এক সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে—প্রথম স্ত্রী ফরজ়ানা থাকাকালীনই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি, এমনকি দ্বিতীয় স্ত্রীকে জোর করে ধর্মান্তরিত করানোর অভিযোগও ওঠে।
এই বিতর্কে মুখ খুলে ইসমাইল বলেন, প্রথম স্ত্রী ফরজ়ানার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। ঘরে নিত্য অশান্তি চলত। সেই সময় তাঁর জীবনে আসেন প্রীতি, যিনি পরে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন আয়েশা। ইসমাইলের দাবি, “প্রীতি নিজের সিদ্ধান্তে ধর্ম পরিবর্তন করেছে, আমি কোনওদিন ওর ওপর চাপ দিইনি।”
সঙ্গীত পরিচালক জানান, আয়েশা এখন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। “ও আমার জামাকাপড় ঠিক করে দেয়, জুতোর ফিতে বাঁধে—সবকিছুই ভালোবাসা থেকে করে,” বলেন ইসমাইল। তিনি আরও জানান, তাঁর প্রথম স্ত্রী এই বিয়ে নিয়ে ক্ষুব্ধ হলেও তিনি প্রতারণা করেননি।
ইসমাইলের কথায়, “আমি ফরজ়ানাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে সম্পর্কটা আর টিকছে না। আমরা তখন আলাদা থাকছিলাম। সেই সময়েই আমি সুরাটে গিয়ে আয়েশাকে বিয়ে করি। পরে মাকে ফোন করে সব জানিয়েছিলাম।”
আরও পড়ুনঃ Astrology: ১৩৮ দিন পর শনিদেবের মার্গী গতি! এই ৫ রাশিতে আসছে সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব
প্রথম স্ত্রী ফরজ়ানার সঙ্গে ইসমাইলের দুই পুত্রসন্তান রয়েছে। তিনি বলেন, “আমি কারও সঙ্গে অন্যায় করিনি। সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বলেই আমি নতুন জীবনের সিদ্ধান্ত নিয়েছি।”





