ঘাসফুলের পথে পদ্ম শিবিরের ৬ সংসদ! তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল, মধ্যমগ্রামে দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

বিবেকানন্দ জন্মজয়ন্তীর মধ্যে দিয়ে আজ বাংলায় ভোটের দামামা বেজে গেছে। ১২ই জানুয়ারির পর ফের ২৩শে জানুয়ারি জাতীয় মিডিয়ার নজর থাকবে বাংলার ওপর।
বাংলায় অস্মিতায় নিজেদের জড়িয়ে যখন দল মজবুত করছে বিজেপি, তখনই বিস্ফোরণ ঘটালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মধ্যমগ্রাম থেকে জানালেন বিজেপির ৬ জন সাংসদ মে মাসের প্রথম সপ্তাহেই তৃণমূলে যোগদান করবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী, বিধায়কের কাছে ফোন আসছে বিজেপি নেতাদের। ওই বিজেপি নেতারা খুব সত্ত্বর তৃণমূল যোগ দিতে চান বলেই দাবি করলেন জ্যোতিপ্রিয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মধ্যমগ্রামে জেলা তৃনমূল কার্যালয়ে দলীয় এক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন যদি মে মাসের ১০,১১ কিংবা ১২ তারিখে হয়, তার আগেই দেখবেন বিজেপি ওই ৬ জন সাংসদ যোগ দিয়েছেন তৃনমূল দলে।
তিনি বলেন, বিজেপির ওই সমস্ত সাংসদদের নাম আমি এখনই বলছি না। তবে,দেখতে পাবেন শীঘ্রই তাঁরা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
তবে যথারীতি অন্যান্য তৃণমূলের নেতা মন্ত্রীদের মতো তিনিও এদিন নাম না করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে। বলেন, তৃণমূল থেকেই সবার নাম হয়েছে। এই তৃণমূলের বিরুদ্ধে অন্য দলে গিয়ে কুৎসা ছড়িয়ে লাভ নেই‌।
কুৎসা রটনায় কোনও কাজ হবে না দাবি করেই জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আগামী বিধানসভা ভোটে ২২০ র বেশি আসন নিয়ে আবার তৃণমূল দল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে।

RELATED Articles