রোলেক্স থেকে কোটি টাকার বিনিয়োগ, ১৬ কোটিরও বেশি সম্পত্তির খাতিয়ান! প্রকাশ্যে নায়িকার সম্পত্তি

টলিউডে তাঁর পরিচিতি বহুদিনের। অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পর এবার রাজনীতির ময়দানেও নতুন করে চর্চার কেন্দ্রে কোয়েল মল্লিক। গত কয়েক মাসে তাঁর রাজনৈতিক জীবনে একের পর এক বদল এসেছে। আর সেই বদলের মাঝেই সামনে এসেছে এমন কিছু তথ্য, যা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। শুধু রাজনীতিই নয়, তাঁর আর্থিক অবস্থান নিয়েও এখন আলোচনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, ঠিক কতটা সম্পত্তির মালিক কোয়েল? আর তাঁর স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে কি সম্পত্তির দিক থেকে তাঁকে পিছনে ফেলে দিয়েছেন?

চলতি বছরেই সক্রিয় রাজনীতিতে পা রাখেন কোয়েল মল্লিক। প্রথমে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় যান তিনি। এপ্রিল মাসে সাংসদ হিসেবে শপথও নিয়েছিলেন। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় খুব বেশি দিন স্থায়ী হয়নি। জুলাই মাসে রাজ্যসভা থেকে ইস্তফা দেন অভিনেত্রী। এরপর বেশ কিছুদিন তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চললেও প্রকাশ্যে কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটে। বিজেপি তাঁকে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে এবং সোমবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন কোয়েল।

তবে রাজনৈতিক পালাবদলের পাশাপাশি যে বিষয়টি নতুন করে নজর কেড়েছে, তা হল কোয়েলের সম্পত্তির হিসাব। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে অভিনেত্রীর বার্ষিক আয় ছিল প্রায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি ৭০ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্কে জমা অর্থ এবং অন্যান্য সম্পদ। শুধু গয়নার হিসাবই চোখ কপালে তোলার মতো—তাঁর কাছে থাকা সোনা ও রত্নের মূল্য প্রায় ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। তার উপর রয়েছে প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার একটি রোলেক্স ঘড়ি।

এখানেই শেষ নয়। কোয়েলের স্থাবর সম্পত্তির মূল্যও প্রায় ৯ কোটি ৭২ লক্ষ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, তাঁর নিজের নামে কোনও গাড়ি নেই। অর্থাৎ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়েও ব্যক্তিগত সম্পত্তির তালিকায় নিজের নামে গাড়ি না থাকার তথ্যটি বেশ চমকপ্রদ। তাঁর সম্পদের বড় অংশই বিনিয়োগ ও অন্যান্য আর্থিক সম্পদের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: ‘ও আমাকে আমার থেকেও ভালো বোঝে’ হঠাৎ শুভশ্রীকে নিয়ে কেন এমন কথা দেবের? কী লুকিয়ে পুরনো এই সম্পর্কের আড়ালে?

কিন্তু সবচেয়ে বড় চমকটা সম্ভবত অন্য জায়গায়। সম্পত্তির অঙ্কে কোয়েলকে পিছনে ফেলেছেন তাঁর স্বামী নিসপাল সিং রানে। হলফনামা অনুযায়ী, নিসপালের অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৩ কোটি ৫৯ লক্ষ টাকা। এর মধ্যে ‘সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এ তাঁর শেয়ারের মূল্যই প্রায় ১৮ কোটি ৫৪ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর নামে রয়েছে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকার সোনার গয়না এবং অন্যান্য সম্পত্তি। স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও নিসপালের অঙ্ক প্রায় ১৫ কোটি ৯৮ লক্ষ টাকা। অর্থাৎ তারকা স্ত্রীকে সম্পত্তির নিরিখে বেশ খানিকটা টেক্কাই দিয়েছেন প্রযোজক স্বামী।

রাজনৈতিক বিতর্ক, দলবদল এবং রাজ্যসভার নতুন লড়াই সব মিলিয়ে এখন কোয়েল মল্লিককে ঘিরে আলোচনা তুঙ্গে। তার মধ্যেই প্রকাশ্যে আসা এই সম্পত্তির হিসাব যেন তাঁর জীবনের আরও একটি অচেনা দিক সামনে আনল। পর্দার জনপ্রিয় নায়িকা থেকে সাংসদ, তারপর দলবদল করে ফের রাজ্যসভায় যাওয়ার প্রস্তুতি—কোয়েলের নতুন ইনিংস যেমন নজর কাড়ছে, তেমনই তাঁর এবং নিসপালের বিপুল সম্পত্তির হিসাবও এখন চর্চার বিষয়।

আরও অন্যান্য খবর