আজ আমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার নেয় কলেজ স্ট্রিট। বাঁধে বিজেপি – তৃণমূল সংঘর্ষ। দু-দলের কর্মীদের আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে৷
আজ বিজেপি কর্মীদের এক বড়ো মিছিল সহ অমিত শাহের সুসজ্জিত গাড়ি কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিকট পৌঁছাতেই ঘটনার সূত্রপাত হয়৷ অমিত শাহের গাড়ি বেরিয়ে যাওয়ার পর পেছনে থাকা বিজেপি কর্মীদের মিছিল লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ বিজেপির তরফে।
বিজেপি-র কর্মীরা অভিযোগ জানিয়েছেন যে তাদের মিছিলে ইট পাথর দিয়ে হামলা করেছিলেন তৃণমূল কর্মীরা৷ আর এই তৃণমূল কর্মীদের আস্তানা কলকাতা বিশ্ববিদ্যালয়ই ছিল বলে জানিয়েছেন তারা৷ মিছিলে থাকা বিজেপি কর্মী তথা সমর্থকদের অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেই মিছিল লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট। এরপরই গার্ডরেল ভেঙে মারমুখী হয়ে উঠেছিলেন বিজেপি সমর্থকেরা। যার জেরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনার৷