পূজো আসতে বাকী এখনও প্রায় ১১৫ দিন। তবে এখন থেকেই পূজোর গন্ধ লেগে গেলো দমদম পার্ক তরুণ সংঘ ক্লাব-এ। এদিন উত্তর কলকাতার অন্যতম এই বড়ো পূজো কমিটির খুঁটি পূজো অনুষ্ঠিত হয়ে গেলো। আজকের এই শুভ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
উত্তর কলকাতার বড়ো পূজোগুলির মধ্যে অন্যতম দমদম পার্ক তরুণ সংঘ গতবছর ৫৪ টি শারদ সম্মান পেয়ে প্রত্যেকেরই নজর কেড়েছিল৷ তাই এবারে আগের থেকেই রীতিমতো সর্বসেরা সম্মান পেতে ঝাঁপিয়ে পরলেন তারা৷ এবছরের থিম নিয়েও যাবতীয় পরিকল্পনা হয়ে গিয়েছে পূজো কমিটির৷ কিন্তু প্রতিবারের মতো এবারও পূজোর থিম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব সদস্যরা। গতবছর দমদম পার্ক তরুণ সংঘের থিম ছিল ‘গণশা’। নাম ‘গণশা’ হলেও আসলে এটি ছিল পথ শিশুদের শিশুশ্রমকে উদ্দেশ্য করে গড়ে ওঠা একটি থিম৷ গতবার এই থিমের ভাবনাতীত সাফল্যের পর এবারও থিম নিয়ে যথেষ্ট আশাবাদী দমদম পার্ক তরুণ সংঘের ক্লাব সদস্যরা এবং শিল্পী রিন্টু দাস। তাদের কথায়, “এবারো দমদম পার্ক তরুণ সংঘের পূজো কলকাতার সেরা পূজোগুলোর মধ্যেই একটি হতে চলেছে”।






