রূপোর বাট সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল এক যুবককে । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জিআরপির একটি দল স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে । তার কাছ থেকে উদ্ধার হয় ১৬টি রূপোর বাট এবং এক কেজি ওজনের রূপোর গয়না । একা না জড়িত রয়েছে আরো অনেকে,সেই তদন্তে জিআরপি |
রেল পুলিশ সূত্রের খবর, জিআরপি-র এস আই প্রশান্ত পালের নেতৃত্বে জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপের কর্মীরা আগেভাগেই খবর পেয়ে হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ওত পাতেন। এরপর ট্রেন থেকে নামতেই ওই যুবককে হাতেনাতে ধরা হয় । তার কাছে চকোলেট রঙের কাঁধের ব্যাগ থেকে এই রূপোর বাট এবং রূপোর গয়না উদ্ধার হয় । ধৃত যুবক এর সাপেক্ষে কোনও ডকুমেন্টস বা কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি রেল পুলিশ । জিআরপি সূত্রের খবর, ধৃত যুবকের নাম সুরজ কুমার (২৯)। বিহারের ছাপড়া জেলার করিমচকে তার বাড়ি ।
শুক্রবার দুপুরে তাকে হাওড়া আদালতে তোলা হয়। রেল পুলিশ সূত্রের খবর তিন দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সে এই মাল চোরাই পথে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল | এই পাচার চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। কতদিন ধরে সে এই কারবার চালাচ্ছে তাও জিআরপি তদন্ত করে দেখছে |





