গতকালই আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছিল যে, রাতের দিকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই পরগনার অনেকাংশে। রাতে না হলেও সেই বৃষ্টি শুরু হয় আজ ভোররাতে।
আজ ভোররাতে হঠাৎই বৃষ্টি শুরু হয় কলকাতা সহ উত্তর ২৪ পরগনার অনেকাংশে৷ তবে বৃষ্টি যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে বিদ্যুতের ঝলকানি। বেশি বিদ্যুতের চমক থাকাতেই তুলনায় কম বৃষ্টি হয় সেই মেঘ থেকে৷ সেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেলেও সেই স্বস্তি বেশি একটা স্থায়ী হবেনা বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।
যদিও আজ শনিবার সকালে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সেই বৃষ্টি শহরবাসীকে কতোটুকু স্বস্তি দিতে পারবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সূত্রে এই বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া সাময়িক। এরপরই ফের অস্বস্তির আবহাওয়া ফিরে আসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।