আজ অর্থাৎ বাংলায় সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউনের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ যুবকের। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। বুধবার দুপুর পৌনে ২টো নাগাদ হাওড়ার শিবপুরে বোটানিক্যাল গার্ডেনের কাছে দুর্ঘটনাটি ঘটে। আর এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-(CESC) কে দায়ী করেছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, বুধবার সকালে এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে বিস্ফোরণের আওয়াজ হয়। সেই সঙ্গে দেখা যায় আগুনের ঝলক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন সংস্থায়। কিন্তু বেলা বাড়লেও সিইএসসি’র কোনও কর্মীই সেখানে পৌঁছননি। এরই মধ্যে স্থানীয় ২ যুবক সুমন শর্মা ও শ্রীকান্ত দাস ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। কোনও কারণে বিদ্যুতের খুঁটিটি স্পর্শ হয় তাঁদের শরীর। তড়িদাহত হয়ে ঘটাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। এরপর পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যে এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। এর পর সেখানে আসেন সিইএসসি-র কর্মীরা। গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দিয়ে চলে যান তাঁরা।
স্থানীয়দের দাবি, সকালে বিস্ফোরণের পর একটি তার ছিঁড়ে ঝুলছিল। সেটি থেকেই তড়িদাহত হয়েছেন ২ যুবক। তরতাজা ২ যুবককে হারিয়ে এলাকায় নেমেছে শোকের ছায়া। সঠিক সময়ে সিইএসসি-র কর্মীরা এলে এমন ঘটনা ঘটত না বলেই মনে করছেন স্থানীয়রা।





