Kasba : ‘আমার কান কেটে রক্ত ঝরছিল, তাও থামেনি!’ মনোজিতের বিরুদ্ধে আরও এক নির্যাতিতার বিস্ফোরক স্বীকারোক্তি!

একটা সময় ছিল, যখন নিজের যন্ত্রণার কথা কাউকে বলা তো দূরের কথা, নিজের মনেও উচ্চারণ করতে ভয় পেতেন তিনি। বুকের মধ্যে জমে থাকা আতঙ্ক আর অপরাধবোধের ভারে নুয়ে পড়েছিলেন বছর দুই আগে নির্যাতনের শিকার হওয়া ওই কলেজছাত্রী। আজ, নতুন করে অন্য এক জুনিয়রের উপর ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর, আর চুপ থাকতে পারলেন না তিনি। সাহস করে মুখ খুললেন, তুলে ধরলেন নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

ঘটনাটা ২০২৩ সালের। দক্ষিণ শহরতলির বজবজ এলাকার একটি কলেজে সদ্য ভর্তি হওয়া ওই তরুণী গিয়েছিলেন একটি পিকনিকে, যেখানে জুনিয়রদের সঙ্গে মেলামেশার জন্য আয়োজন করেছিল সিনিয়ররা। একটা সাধারণ আনন্দঘন দিনের রূপ নেয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে, যখন অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় শুরু করে মেয়েদের উপর আক্রমণ। নির্যাতিতা জানান, ফোনে বাবার সঙ্গে কথা বলার সময় হঠাৎই বারান্দায় এসে ঝাঁপিয়ে পড়ে মনোজিৎ।

মনোজিৎ প্রথমে তাঁর গায়ে পড়ে যায়, অশালীনভাবে স্পর্শ করতে থাকে। মেয়েটির কান থেকে দুল ছিঁড়ে নেয়, কামড় বসায় ঘাড়ে। কান থেকে রক্ত ঝরলেও তাতে দমেনি মনোজিৎ। বারান্দার দরজায় ছিটকিনি লাগিয়ে, ফোন কেড়ে নিয়ে চলতে থাকে শারীরিক নিগ্রহ। অন্তর্বাস ছিঁড়ে ফেলে, প্যান্টের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করে। এমনকি, ভয় দেখিয়ে বলে— ‘শরীরটা দে, তোর নামে দশ বিঘা জমি লিখে দেব’। কোনওরকমে পালিয়ে আসেন মেয়েটি, কিন্তু তাতেও রেহাই পাননি।

বাগানবাড়ি থেকে ফেরার পথে মনোজিৎ আবার তাঁকে হেনস্থা করে অটোতেও। শুধু তিনিই নন, তাঁদের সঙ্গে থাকা এক সিনিয়র দিদিকেও একইভাবে নিগৃহীত হতে হয়। ট্রেনের মধ্যেও মনোজিৎ আবার তাঁর প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে, তখন সকলের সামনেই চড় মারেন তাঁকে। কিন্তু তাতেও শেষ হয়নি আতঙ্ক। এরপরই শুরু হয় হুমকির পালা।

আরও পড়ুনঃ LPG price : গ্যাসের দামে বড় কাটছাঁট! জুলাইয়ের শুরুতেই সিলিন্ডার কিনতে খরচ কমল ৫৮ টাকা!

কলেজ ও পুলিশের কাছে অভিযোগ জানাতে চাইলেও ভয় বাধা হয়ে দাঁড়ায়। মনোজিতের ‘বাহিনী’ জানিয়ে দেয়, অ্যাসিড মারবে, পরিবারের ক্ষতি করবে। মেয়েটির ঠিকানা, পরিবারের পরিচয় সব জেনে ভয় দেখানো হয়। রোজ রাতে হোয়াটসঅ্যাপে গালাগালি, হুমকি চলত। তাই চুপ ছিলেন তিনি। আজ মনে করছেন, যদি তখন মুখ খুলতেন, হয়তো আর একজন মেয়ে রক্ষা পেতেন। এটাই তাঁর কাছে সবচেয়ে বড় অনুশোচনা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles