রাজ্যের চারিদিকে টাকার ছড়াছড়ি, লোকসভা নির্বাচনের আগে কলকাতা থেকে উদ্ধার লাখ লাখ টাকা, কী উৎস এত টাকার?

সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিকে তাকিয়ে রয়েছে সকলে। আজ, শনিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে। এর মাঝে কলকাতা থেকে উদ্ধার হল বিপুল টাকা। শুক্রবার পোস্তা, বড়বাজার এবং বউবাজার এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের দল। এই তিন জায়গা থেকে তল্লাশি অভিযানে উঠে আসে ৫৪ লক্ষের বেশি টাকা।‌ ইতিমধ্যেই এই টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ টাকাগুলি হাওয়ালার টাকা বলে সন্দেহ করছেন লালবাজারের গোয়েন্দারা। অভিযানে উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা।

জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়েই পুলিশ জায়গাগুলিতে অভিযান চালায়। সেই খবরের উপর ভিত্তি করে ওই তিন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। খবর অনুযায়ী, বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে সৌরভ সিংয়ের কাছ থেকে ১৪ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বারুইপুরের বাসিন্দা চন্দ্রমোহন ঠাকুরের কাছ থেকে পাওয়া গেছে ১০ লক্ষ টাকা। এই টাকা উদ্ধার করা হয়েছে পোস্তা থেকে। বউবাজার এলাকার প্রদীপ সিংয়ের কাছ থেকে ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এই তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই তিনজন ব্যাগে করে টাকা নিয়ে তা পাচার করতে যাচ্ছিলেন। সন্দেহ হতে তল্লাশি চালায় পুলিশ। প্রত্যেকটি ব্যাগ থেকেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত না ওই টাকা কোথা থেকে পেয়েছেন বা কোথায় দিতে যাচ্ছিলেন সেই টাকা তার প্রমাণ বা সঠিক তথ্য মেলেনি। এই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ।

নির্বাচন কমিশন এবং আয়কর বিভাগে খবর দেওয়া হয়েছে এ বিষয়ে। লালবাজার সূত্রে খবর, পুলিশের কাছে সম্প্রতি খবর এসেছিল যে লোকসভা নির্বাচনের আগে হাওয়ালার টাকা আসতে শুরু করেছে। কলকাতাতেই চলছে বেআইনি এই আর্থিক লেনদেন। খবর পেয়ে ময়দানে নামে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। দুদিন ধরে তল্লাশির শেষে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।

এত টাকার উৎস জানতেই খোঁজ চালাচ্ছে লালবাজার পুলিশ। কীভাবে অভিযুক্তদের হাতে এই টাকা এল তা খতিয়ে দেখছে পুলিশ। আয়কর দফতর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। লোকসভা নির্বাচনে এই টাকা ব্যবহার হত কি না সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এই টাকার উৎস অথবা নথি কিছুই দেখাতে পারেনি অভিযুক্তরা।

RELATED Articles