‘আপনার রক্ত নিয়ে কারা ভোটের রাজনীতি করছে, এবার একটু দেখুন’, মমতার আঘাত নিয়ে কী বললেন রুদ্রনীল

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজ্যে এক হুলস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর মেলার পর থেকেই শুরু হয়েছে রাজ্যে ডামাডোল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঘাত পাওয়া নিয়ে এসএসকেএমের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে নানান বিভ্রান্তি। এবার এই নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

মুখ্যমন্ত্রীর এই রক্তাক্ত অবস্থা নিয়ে বিভ্রান্তির মধ্যে এবার রুদ্রনীলের প্রশ্ন এই মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার পিছনে কী ঘনিষ্ঠ কেউ জড়িয়ে থাকতে পারে? কেউ কেন তাঁর রক্ত মুছিয়ে দিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি নেতা এও প্রশ্ন তোলেন মমতার এই রক্তাক্ত অবস্থার ছবি না জানিয়েই কী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঘাত সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেতা জানান যে একসময় তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাতায়াত ছিল। সেই কারণে তিনি জানেন যে তাঁর বাড়িতে কে কে থাকে। মুখ্যমন্ত্রীর বাড়িতে যে খুব বেশি লোক থাকে না, তা জানান রুদ্রনীল। তিনি বলেন, “নিরাপত্তারক্ষীরা যেমন থাকেন, দু তিনজন মহিলাও থাকেন ব্যক্তিগত কাজের জন্য। কেউ কেন রক্ত মোছাল না”?

মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে এসএসকেএমের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন, পিছন থেকে ধাক্কা লাগার ফলেই পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জেরেই কপালে চোট পান তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয় নানান কাটাছেঁড়া। পরবর্তীতে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘পুশ ফ্রম বিহাইন্ড’-এর মানে হল ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছিল, কেউ আসলে ধাক্কা দেয়নি। এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে শোরগোল।

এই বিষয়ে রুদ্রনীল বলেন, “প্রত্যেকটি শব্দ ভেবে এবং বুঝে প্রয়োগ করা হয়েছে। তাই সবার মনেই প্রশ্ন এসেছে, যাঁদের সঙ্গে সমস্যা চলছে তাঁরা কি কেউ ঠেলে ফেলে দিয়েছেন। অন্তর্ঘাত কি না, তার তদন্ত হওয়া উচিত”।

মুখ্যমন্ত্রী রক্তাক্ত ছবি পোস্ট করা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। কেউ কেন তাঁর রক্ত মুছিয়ে দিল না বা রক্ত বন্ধ করার চেষ্টা করল না, তা নিয়ে প্রশ্ন করেছেন রুদ্রনীল। তাঁর আর প্রশ্ন, চিকিৎসকরা ওই অবস্থায় ছবি তুলতে দেন না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল কীভাবে।   

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রুদ্রনীল বলেন, “আপনার রক্ত নিয়ে কারা ভোট টানার রাজনীতি করছে দেখুন, আমার বিশ্বাস আপনাকে না জানিয়েই কেউ ফেসবুকে পোস্ট করে দিয়েছে ওই ছবি। কেউ একবার আপনার রক্তটাও মুছিয়ে দিল না”।

RELATED Articles