ভোররাতে কামালগাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হল এক বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, কামালগাজি ফ্লাইওভারের নিচে একটি ফুলের দোকান ছিল। সেই দোকানের সঙ্গেই একটি গুমটি ঘর ও সাইকেল গ্যারাজ রয়েছে। সেখানেই এক বৃদ্ধা থাকতেন। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার রাতেও সেখানেই ঘুমিয়েছিলেন তিনি।
সকাল সকালই স্থানীয় বাসিন্দারা দেখেন, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আর ওই ফুলের দোকান ও গুমটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই গ্যারাজের মধ্যে আগুন ছড়িয়ে যায়।
গুমটির মধ্যে ঘুমোচ্ছিলেন ওই বৃদ্ধা। ফলে আগুন লেগে যাওয়ায় ঝলসে গিয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ এসে ব্রিদ্ধাত মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কীভাবে আগুন লাগল দোকানে?
কী থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, তার কারণ এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে যে হয়ত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ ইচ্ছে করে দোকানে আগুন ধরিয়ে দিয়েছিল কী না, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





