বড়দিনের রাতে শহরে ঘটে গেল বড় বিপদ। খাদ্য ভবনের ভিতরেই চলল গুলি। খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে গুলিবিদ্ধ হন এক পুলিশ কনস্টেবল। এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারে জখম হন তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।
বড়দিনের রাতে যখন গোটা শহর মেতে উঠেছে আনন্দ উৎসবে, সেই সময় খাদ্যভবনের ভিতরে ঘটে গেল এক বিষাদময় ঘটনা। জানা গিয়েছে, ওই পুলিশ কনস্টেবলের নাম তপন দাস। বয়স ৫৩ বছর। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে মৃত্যু হয় তাঁর। কীভাবে এই গুলি চলল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই কলকাতা পুলিশের কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। সোমবার রাতের ওই ঘটনার পর রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন।
জানা গিয়েছে, এদিন ওই পুলিশ কনস্টেবলের নাইট ডিউটি ছিল। ঘটনার সময় নিউ মার্কেট থানা এলাকার খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে ছিলেন তিনি। ডিউটিতে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। নিজের সার্ভিস রিভলবারেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।





