যাদবপুরের পর এবার গুরুদাস কলেজ! প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে, রিপোর্ট তলব ইউজিসি-র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে এখন গোটা রাজ্য-রাজনীতি উত্তাল। এই ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। পুলিশি তদন্তে এমন অনেক তথ্য মিলেছে যেখানে র‍্যাগিংয়ের প্রমাণ স্পষ্ট। র‍্যাগিং রোখার জন্য নানান পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে কলকাতার কার এক কলেজ থেকে উঠল র‍্যাগিংয়ের অভিযোগ।

কলকাতার গুরুদাস কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগ, তাকে র‍্যাগিং করা হয়েছে। এই নিয়ে কলেজ কর্তৃপক্ষ তো বটেই, ইউজিসি-র কাছেও অভিযোগ করেছে ওই ছাত্র। ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতেই কলেজের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ইউজিসি।

কী অভিযোগ ওই ছাত্রের?

সূত্রের খবর, অভিযোগকারী ওই পড়ুয়া প্রথম বর্ষের ছাত্র। তিনি অভিযোগ করেছেন যে কলেজে আসার পর তাঁকে নানাভাবে র‍্যাগিং করা হয়েছে। কলেজের এক ছাত্রনেতার বিরুদ্ধেই অভিযোগ এনেছে ওই পড়ুয়া। তিনি আরও জানিয়েছেন, ওই ছাত্রনেতা তৃণমূলের সঙ্গে যুক্ত। এই বিষয়ে গুরুদাস কলেজের টিএমসিপি-র কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

কী ব্যবস্থা নিল ইউজিসি?

জানা গিয়েছে, ওই ছাত্রের অভিযোগ পাওয়ার পরই কলেজ কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানতে চেয়েছে ইউজিসি। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, তারাও অভিযোগ পেয়েছেন। ইউজিসি-র গাইডলাইন মেনে যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হচ্ছে। ইউজিসি-কে রিপোর্টও পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ৯ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। এই ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তদন্ত করে র‍্যাগিংয়ের প্রমাণ পেয়েছে পুলিশ, এমনটাই জানায় আদালতে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন পড়ুয়া ও প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে।

RELATED Articles