‘দু’দিন আমি ডবল ডিউটি করছি’, ধর্না মঞ্চ থেকে জানালেন মমতা, কী চলছে ধর্না মঞ্চে?

কেন্দ্র সরকারের (central government) বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে রেড রোডে টানা ৩০ ঘণ্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সময় যাতে প্রশাসনিক কাজে কোনও ব্যাঘাত না ঘটে, সেই কারণে এই ধর্না মঞ্চের পিছনেই তৈরি করা হল একটি অস্থায়ী প্রশাসনিক অফিস (administrative office)।

আজ, বুধবার ঠিক বেলা ১২টার সময় ধর্না মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলীয় খরচে কেন্দ্রের বিরুদ্ধে এই ধর্নায় বসেছেন বলে জানান মমতা। ১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা, নানান প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে।

আর কেন্দ্রের বিরুদ্ধে সেই বঞ্চনার অভিযোগ তুলেই আজ থেকে ৩০শে মার্চ বিকেল পর্যন্ত ধর্না অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই মঞ্চের পিছনে তৈরি করা হয়েছে অস্থায়ী প্রশাসনিক অফিস। সেখান থেকে যাবতীয় প্রশাসনিক কাজ করবেন মুখ্যমন্ত্রী। তিনি ধর্না মঞ্চ থেকে বলেন, “এই দু’দিন আমি ডবল ডিউটি করছি”।

মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও প্রশাসনিক অফিস রয়েছে। কোনও কারণবশত অনেক সময় নবান্নে পৌঁছতে না পারলে, বাড়ির অফিস থেকেই কাজ করেন তিনি। সেই কারণে এবার মোদী সরকারের বিরুদ্ধে ধর্নার সময়ও রাজ্যের কোনও প্রশাসনিক কাজে ব্যাঘাত যাতে না ঘটে, সেই কারণেই ধর্না মঞ্চের কাছে অস্থায়ী প্রশাসনিক অফিস করলেন মমতা।

এর আগেও কেন্দ্র কিংবা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ধর্নায় বসতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবারও সেই পথেই হাঁটলেন তৃণমূল নেত্রী। আর সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে এই ধর্না যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

ওয়াকিবহাল মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধর্না মঞ্চকেই রাজনৈতিকভাবে কাজে লাগাতে তৎপর তৃণমূল। নির্বাচনের আগে কেন্দ্রের বঞ্চনার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না মঞ্চের ছবি দেখিয়েই রাজ্যবাসীকে বিজেপির বিরুদ্ধে আনা যাবে, এমনটাই ধারণা বিশেষজ্ঞ মহলের।

RELATED Articles