কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ধর্না মঞ্চেই এবার দেখা গেল ‘বিজেপি ওয়াশিং মেশিন’ (BJP Washing Machine)। তাতে কালো কাপদ দিলেই নিমেষে হয়ে যাচ্ছে সাদা। এভাবেই বিজেপিকে নতুন অস্ত্রে বিঁধলেন মমতা।
তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে যে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করছে বিজেপি। বিজেপিতে যোগ দেওয়ার জন্য নেতাদের চাপ দেওয়া হচ্ছে। আর বিজেপিতে যোগ দিলেই তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপি এখানে ওয়াশিং মেশিনের মতো কাজ করছে যাতে দুর্নীতিগ্রস্ত কেউ গেলে তারা কলঙ্কমুক্ত হয়ে যাচ্ছে, এই ঘটনাই সাধারণ মানুষকে বোঝাতে চাইলেন মমতা এই ওয়াশিং মেশিনের মাধ্যমে।
এদিন ধর্না মঞ্চে একটি ওয়াশিং মেশিনের কাট-আউট আনা হয়েছিল। এর উপরে লেখা ছিল BJP ওয়াশিং মেশিন। এরপর মুখ্যমন্ত্রী নিজেই ওয়াশিং মেশিনে কালো কাপড় দিলেন আর তা পরক্ষণেই সাদা হয়ে বেরিয়ে এল।
এরপরই মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্য নেতারা গেয়ে ওঠেন, “ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, কালোকে করে সাদা, এটাই এর ফায়দা”। অর্থাৎ ঘুরিয়ে মমতার বার্তা, দুর্নীতিগ্রস্ত, নীতিহীন নেতাদের জন্য বিজেপি ওয়াশিং মেশিনের মতো কাজ করছে। ধর্না মঞ্চে মমতার প্রতিবাদ যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে মমতা যে এই প্রথমবার এমন অভিনব প্রতিবাদ করে নজর কাড়লেন, তা নয়। এর আগেও একুশে জুলাইয়ের মঞ্চে ধামা ভর্তি মুড়ি নিয়ে মুড়িতে জিএসটি বসানোর জন্য প্রতিবাদ করেছিলেন তিনি। সঙ্গে ছিল গ্যাস সিলিন্ডার। তাছাড়া, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় স্কুটিও চালান তিনি। আর এবার ধর্না মঞ্চে তাঁর হাতিয়ার এই বিজেপি ওয়াশিং মেশিন।





