মেজাজ হারানো অভিষেকের সুর ২৪ ঘণ্টাতেই নরম! পুরসভার নোটিসে চাপে পড়ে কি এবার সময় চাইতে বাধ্য হল ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’? তাহলে কি বেআইনি নির্মাণ বিতর্কে সত্যিই অস্বস্তিতে সবুজ শিবির?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-কে ঘিরে বেআইনি নির্মাণ বিতর্কে নতুন মোড়। শুক্রবার যেখানে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সুর অনেকটাই নরম করল তাঁর সংস্থা। কলকাতা পুরসভার পাঠানো নোটিসের জবাব দিতে আরও ১০ দিনের সময় চেয়ে বিল্ডিং বিভাগে চিঠি পাঠিয়েছে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনাই স্পষ্ট করে দিচ্ছে যে বিতর্ক ঘিরে চাপ বাড়ছে অভিষেকের উপর। অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি, বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।

শনিবার সন্ধ্যায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে পাঠানো চিঠিতে সংস্থার তরফে জানানো হয়েছে, পুরসভা যে সমস্ত তথ্য ও নথি চেয়েছে, সেগুলি জমা দিতে তারা প্রস্তুত। তবে এত অল্প সময়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় বলেই দাবি করেছে সংস্থা। সেই কারণেই আরও ১০ দিন সময় চাওয়া হয়েছে। এই আবেদন সামনে আসতেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, ঠিক আগের দিনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাড়ির কোন অংশ অবৈধ, সেটা আগে নির্দিষ্ট করে বলা হোক, তারপর উত্তর দেব।” সেই কড়া অবস্থানের পরেই আচমকা সময় চাওয়ার ঘটনায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ কলকাতার ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের একটি সম্পত্তি। কলকাতা পুরসভার অ্যাসেসর-কালেক্টর (দক্ষিণ) দফতরের নোটিস অনুযায়ী, প্রথমে এই সম্পত্তিটি ‘মেসার্স অনিমেষ ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেড’-এর নামে কেনা হয়েছিল। পরে সেই সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’। অভিযোগ, পুরনো কাঠামো ভেঙে সেখানে ‘শান্তিনিকেতন’ নামে নতুন ভবন তৈরি করা হলেও সম্পত্তির কর নির্ধারণের ক্ষেত্রে সেটিকে ‘মালিক-অধিকৃত’ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ, নথিতে দাবি করা হয়েছে যে সংস্থাটিই ওই বাড়ি ব্যবহার করছে এবং তার ভিত্তিতেই পুরকর জমা দেওয়া হচ্ছে।

কিন্তু পুরসভার প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। অভিযোগ, নথিভুক্ত মালিক সংস্থা ওই সম্পত্তিতে নিজে থাকছে না, বরং সেখানে বসবাস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। সেই কারণেই পুরসভার তরফে সংস্থার ডিরেক্টরকে সমস্ত প্রাসঙ্গিক নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ মে অ্যাসেসর-কালেক্টর (দক্ষিণ) অরূপ মণ্ডলের স্বাক্ষরিত নোটিসে স্পষ্ট বলা হয়েছিল, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এই নোটিস প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

শুধু হরিশ মুখার্জি রোড নয়, ভবানীপুর এলাকার আরও একটি সম্পত্তি ১২১, কালীঘাট রোড নিয়েও নজর রয়েছে পুরসভার। সূত্রের খবর, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট ১৭টি সম্পত্তি স্ক্যানারে রয়েছে। তার মধ্যে প্রাথমিকভাবে দুটি ঠিকানায় নোটিস ঝুলিয়েছে কলকাতা পুরসভা। অভিযোগ, ওই সব নির্মাণে মূল অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত অংশ তৈরি করা হয়েছে। পুরসভার নির্দেশ অনুযায়ী, সাত দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ ব্যবস্থা না নিলে পুরসভাই বুলডোজার চালিয়ে সেই অংশ ভেঙে দেবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বড় বিপা’কে অভীক দে! থ্রে’ট কালচার থেকে সেমিনার রুমে ঘোরাঘুরি, একাধিক অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর এন রবির!

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কলকাতা পুরসভার এই পদক্ষেপকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে পুর প্রশাসন। একাধিক জায়গায় ইতিমধ্যেই বুলডোজার চালিয়ে অবৈধ অংশ ভাঙার কাজও শুরু হয়েছে। সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার বিরুদ্ধে নোটিস জারি হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিরোধীদের দাবি, প্রভাবশালী নাম জড়িত থাকলেও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই অভিষেককে টার্গেট করা হচ্ছে। এখন সবার নজর পুরসভার পরবর্তী পদক্ষেপ এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর জমা দেওয়া নথির উপর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর