‘মানবিক অভিষেক, দ্রুত সকলকে নিয়োগের আশ্বাস দিয়েছেন’, অভিষেকের সঙ্গে বৈঠক শেষে বললেন এসএসসি আন্দোলনকারীরা

৫০০ দিনেরও বেশি সময় ধরে মেয়ো রোডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। মেদ্ধা তালিকায় নাম থাকলেও নিয়োগ হয়নি তাদের। দিনের পর দিন উপেক্ষিত হয়েছেন তারা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর যেন তাদের লড়াই অন্য মাত্রা পায়।  

গতকাল, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে এই আন্দোলনকারীদের প্রথম সারির আন্দোলনকারী শহিদুল্লাকে। আজ, শুক্রবার তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা জানান তিনি। সেই মতোই আজ দুপুরে ক্যামাক স্ট্রীটের অফিসে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বৈঠক করে অভিষেকের সঙ্গে।

এদিন বৈঠক শেষে শহিদুল্লা জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন। তবে এখনই আন্দোলন তোলা নিয়ে কোনও মন্তব্য করেন নি শহিদুল্লা। জানা গিয়েছে, আগামী ৮ই আগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে ফের একটি বৈঠক রয়েছে তাদের।

এদিন বৈঠক শেষে শহিদুল্লা বলেন, “আমাদের আলোচনা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই আলোচনা সম্পূর্ণ রূপে ইতিবাচক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বললেন, নবম থেকে দ্বাদশ মেধাতালিকাভূক্ত প্রত্যেক পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন। আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে, সেগুলিকে পার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন। আমাদের পরবর্তী মিটিং আছে শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং চেয়ারম্যানের সঙ্গে। সেটা শিক্ষামন্ত্রীর ভবনেই হবে”।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বৈঠকের শুরুতেই চাকরিপ্রার্থীদের থেকে সমস্যার কথা শুনতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শিক্ষামন্ত্রীর কাছে বেশ কিছু প্রশ্ন রাখেন চাকরিপ্রার্থীরা। জানা গিয়েছে, এই বৈঠক চলাকালীনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ফোন করেন ব্রাত্য বসু। এসএসসি চেয়ারম্যান জানান, ডেটা রুমের অ্যাকসেস নেই। অ্যাকসেস পেলে দেখবেন যে শূন্যপদ বাড়ানো যায় কী না!

RELATED Articles