অস্ত্রোপচার সফল, কালীপুজোর দিন সকালেই কলকাতা ফিরলেন অভিষেক, বিমানবন্দরে তৃণমূল কর্মীদের উপচে পড়া ভিড়

চোখের অস্ত্রোপচারের (eye surgery) জন্য গিয়েছিলেন আমেরিকা (America)। অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগেই তাঁর ফেরার কথা ছিল কলকাতায়। তেমনটাই হল। কালীপুজোর (Kali Puja) দিন সকালেই কলকাতা ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একটানা ২৫ দিন পর কলকাতা ফিরলেন অভিষেক।

এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেন নি অভিষেক। দলীয় কর্মীদের হাতজোড় করে কুশল বিনিময় করেন তিনি। এদিন তাঁর চোখে দেখা গেল ঘষা কাচের চশমা।

বলে রাখি, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়িটি। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় অভিষেকের।

এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূল সাংসদ। আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার সফল হয়েছে। নবান্নে ঘনিষ্ঠ মহলে অভিষেকের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। দেখা যায়, তাঁর চোখ ভাল আছে। বাড়ি ফেরার অনুমতি পান অভিষেক। আর তারপরই কালীপুজোর দিন সকাল ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি।

এদিন আবার কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গতকাল, রবিবার বাড়ির প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী।

কালীপুজোর দিন এক্কেবারে গৃহকর্ত্রী রূপে দেখা যায় মমতাকে। উপোস করে ভোগ রাঁধেন তিনি। এদিন রাজনৈতিক জগত তো বটেই, আরও নানান বিশিষ্ট জনরাও উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর জন্য। আর এদিনই অভিষেকের কলকাতায় প্রত্যাবর্তন যে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোর আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles