অরিজিৎ সিংয়ের সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই, একই ঘোষণা শ্রেয়া ঘোষালেরও? নারীদের অবমাননা, এবার আর গান গাইবেন না জনপ্রিয় গায়িকা!

বছরের শুরুতেই গানের জগতে বড় চমক দিয়েছিলেন Arijit Singh। তিনি ঘোষণা করেছিলেন, আর কোনও ছবিতে প্লেব্যাক গান গাইবেন না। সেই খবর শুনে হতবাক হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী। এবার সঙ্গীত জগত থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আনলেন জনপ্রিয় গায়িকা Shreya Ghoshal। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ভবিষ্যতে একটি নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না তিনি।

শ্রেয়ার কথায়, একসময় তাঁর গাওয়া Chikni Chameli গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু সেই গানের সাফল্যের পর তাঁর কাছে একের পর এক একই ধরনের গানের প্রস্তাব আসতে শুরু করে। সেই সব গানের কথায় মহিলাদের অবমাননা বা ‘অবজেক্টিফিকেশন’ রয়েছে বলে তাঁর মনে হয়েছিল। ফলে সেই ধরনের প্রস্তাব একে একে ফিরিয়ে দিতে শুরু করেন তিনি।

শ্রেয়া জানান, একবার তাঁর এক গীতিকার বন্ধু একটি গানের প্রস্তাব দেন। সেই গানের একটি পঙ্‌ক্তি ছিল, “আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও।” কথাটি শুনেই তিনি অস্বস্তি বোধ করেন এবং স্পষ্টভাবে গানটি গাইতে অস্বীকার করেন। তাঁর মতে, এমন অনেক গান তৈরি হয় যেখানে নারীদের সম্মানজনকভাবে উপস্থাপন করা হয় না, আর সেই ধরনের গানের সঙ্গে তিনি নিজেকে আর যুক্ত করতে চান না।

‘চিকনি চামেলি’ গানটি নিয়ে কথা বলতে গিয়ে শ্রেয়া বলেন, গানটি নিছক মজার হলেও এর মধ্যে কিছুটা ইঙ্গিতপূর্ণ ভাব ছিল। তবে সেই সময় তিনি গানের অনেক কথার গভীর অর্থ বুঝতেন না। তখন তাঁর পরিণতিবোধও এতটা তৈরি হয়নি যে কোন কথা কীভাবে গ্রহণ করা উচিত তা বুঝতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি নতুনভাবে উপলব্ধি করেছেন।

আরও পড়ুনঃ সংকটের সময়ে আবারও ‘ত্রাতা’ সোনু সুদ! মধ্যপ্রাচ্যের যু’দ্ধের আতঙ্কে দুবাইয়ে আটকে হাজারো ভারতীয়, সাহায্যের হাত বাড়ালেন তিনি! মানবিকতার উজ্জ্বল নজির অভিনেতার!

এখন তিনি অনেক বেশি সচেতন বলেই জানালেন শ্রেয়া। তাঁর মতে, একটি গান জনপ্রিয় হলে তা মঞ্চেও পরিবেশন করতে হয়। সেখানে বহু শিশু এবং পরিবার উপস্থিত থাকে। তাই আপত্তিকর বা অস্বস্তিকর কথা থাকা গান গাইতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। যদিও ‘চিকনি চামেলি’ তিনি মঞ্চে গেয়েছেন, তবু ভবিষ্যতে এমন ধরনের গান আর রেকর্ড করবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন গায়িকা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles