ফের কলকাতা থেকে উদ্ধার টাকার পাহাড়, ভুয়ো কল সেন্টার থেকে মিলল কোটি কোটি টাকা

ফের শহরে মিলল কোটি কোটি টাকা। নিউটাউনের ভুয়ো কল সেন্টার থেকে পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় চার কোটি টাকা। গতকাল, বুধবার ওই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। ১১টি ঘড়ি ও দুটো সোনার আংটিও উদ্ধার করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, বুধবার নিউটাউনের ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল। বেশ কিছুক্ষণ চলে তল্লাশি। এরপরই সেখান থেকে উদ্ধার হয় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। বেশ কিছু কম্পিউটার ও ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এই ঘটনায় আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর গতকাল আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ প্রথম এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। চার ভিন রাজ্যের বাসিন্দাদের পাকড়াও করা হয়। মূলত গুজরাত ও দিল্লির বাসিন্দা তারা। সেই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ১৩ লক্ষ টাকা।

সেই তদন্ত সূত্রেই গত ৬ ফেব্রুয়ারি লিলুয়াতে হানা দেয় পুলিশ। সেখান থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়। ওই দুজনের কাছ থেকে মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।

পুলিশের অনুমান, এই কল সেন্টারের জালিয়াতি চক্র অন্যান্য রাজ্যেও ছড়িয়ে রয়েছে। ধৃতদের জেরা করলে অনেক তথ্য মিলবে বলে জানিয়েছে পুলিশ। এরপর বাকিদের খোঁজ করা হবে।

RELATED Articles