পয়গম্বর ইস্যু নিয়ে এখন গোটা দেশ উত্তাল। বিজেপি নেত্রী নূপুর শর্মা পয়গম্বর মহম্মদ সম্পর্কে যে মন্তব্য করেছেন, এর জেরে রাজ্যের নানান জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে মুসলিমরা। এর জেরে গোটা রাজ্যে এক অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জায়গায় চলছে অবরোধ।
আজ, শুক্রবার হাওড়ার নানান জায়গায় প্রতিবাদ মিছিল করা হয়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মুসলিমরা। এর জেরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ধূলাগড়। পুলিশকে লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি। হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজিও হয় বলে খবর। বিক্ষোভকারীদের আটকাতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বহু মানুষকে। পয়গম্বর বিতর্কের জেরে হাওড়ার ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে ৬ নম্বর জাতীয় সড়ক। ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
এই বিষয় নিয়ে গতকাল বিকেলেই নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পুলিশ, প্রশাসন, ইমামদের নির্দেশ দেন যাতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপরও দীর্ঘ সময় কেটে যায় কিন্তু পরিস্থিতি ঠিক হয় না।
আর এর মধ্যে আজ, শুক্রবার ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। এদিন পার্ক সার্কাসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মুসলিমরা। পয়গম্বর ইস্যু নিয়ে রাস্তায় নামেন তারা। অন্যদিকে, ধূলাগড়ে পুলিশের উপর হামলা, ইটবৃষ্টি। কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।
এমন পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যাতে রাজ্যের এই পরিস্থিতির বিষয়ে সমস্ত রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্যপালকে। গতকাল থেকে রাজ্যে যেসমস্ত ঘটনা ঘটে চলেছে। সেই সম্পর্কে খুঁটিনাটি জানিয়ে আজ রাত ১০টার মধ্যে রাজ্যপালকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।






