Kasba law college : সকাল থেকেই ইউনিয়ন রুমে ছিলেন আরও এক ছাত্রী! দক্ষিণ কলকাতা আইন কলেজ কাণ্ডে নয়া মোড়!

প্রথমেই ধাক্কা খেয়েছিল রাজ্যবাসী, এবার সেই ঘটনায় উঠছে আরও একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর তীব্র আলোড়ন ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তে নেমে একের পর এক তথ্য সংগ্রহ করছে পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক ছাত্রী এবং কলেজের নিরাপত্তারক্ষীর বিস্ফোরক বয়ান। কী উঠে আসছে এই নতুন তথ্য থেকে, আর কতজন জড়িত হতে পারে এই ঘটনায় — তা নিয়েই এখন চরম কৌতূহল ও ক্ষোভ।

ঘটনার রাতে দক্ষিণ কলকাতা আইন কলেজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পিনাকী বন্দ্যোপাধ্যায়। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জেরা করে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন অভিযুক্ত মনোজিত, প্রমিত ও জায়েব ছাত্রীটির মোবাইল ফোন কেড়ে নেয়। পিনাকীর দাবি, যাতে নির্যাতিতা কোনওভাবে বাইরে যোগাযোগ করতে না পারেন, সেই কারণেই তাঁর ফোন কেড়ে নিয়েছিল ওই তিন অভিযুক্ত। ফলে পুলিশ এখন পুরো ঘটনার পরিকল্পনা আগেভাগেই করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে।

এখানেই থেমে থাকছে না তদন্ত। পুলিশের জেরায় পিনাকী জানিয়েছেন, তিনি রাতের শিফটে দায়িত্বে ছিলেন ঠিকই, তবে তার আগের শিফটে আরেকজন নিরাপত্তারক্ষী কলেজে কর্তব্যরত ছিলেন। সেই নিরাপত্তারক্ষীও পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন সকাল থেকে কলেজের ইউনিয়ন রুমে ছিলেন আরও এক ছাত্রী। তবে তিনি রাত সাড়ে আটটা নাগাদ কলেজ ছেড়ে চলে যান। পুলিশের অনুমান, তিনি হয়তো কোনও কিছু দেখতে পেয়েছিলেন বা জেনে থাকতে পারেন। তাই তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বিকেল চারটের পর থেকে যাঁরা কলেজে উপস্থিত ছিলেন, তাঁদের তালিকা তৈরি হয়েছে। এখন পর্যন্ত এমন ১৭ জনের নাম চিহ্নিত হয়েছে, যাঁদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদের আজ অর্থাৎ সোমবারের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকের অবস্থান, কার্যকলাপ ও জানাশোনার তথ্য যাচাই করে দেখা হবে।

যে ছাত্রীটি সকাল থেকে ইউনিয়ন রুমে ছিলেন বলে দাবি উঠেছে, তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন সন্দেহ। তিনি নির্যাতিতা নন, তবে ঘটনার কিছু আগে পর্যন্ত কলেজে উপস্থিত ছিলেন। তাই তিনি আদৌ কিছু দেখেছেন কি না, বা তাঁর সঙ্গে অন্য অভিযুক্তদের কোনও যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শিগগিরই তাঁকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আরও পড়ুনঃ Weather update:নিম্নচাপের নতুন ইনিংস! সপ্তাহভর ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ, সতর্কবার্তা হাওয়া অফিসের !

এই মুহূর্তে দক্ষিণ কলকাতা আইন কলেজ কাণ্ড রাজ্য রাজনীতিতেও তীব্র আলোড়ন ফেলেছে। কলেজ চত্বরে কীভাবে এত বড় ঘটনা ঘটে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন চমক সামনে আসছে, আর এই ঘটনায় জড়িত থাকা সমস্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর