ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ছুটির দিনেও ভোগান্তি যাত্রীদের

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটলো এবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ঘটনার পরই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য। এর জন্য বেশ খানিকক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

রবিবার ছুটির দিন থাকায় ফাঁকাই ছিল মেট্রো স্টেশন। ১০.৩৮ মিনিটে দমদম গামী ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে এবং আত্মহত্যার কারণও জানার চেষ্টা করা হচ্ছে।

কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা নতুন নয়। হামেশাই লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনেক মানুষই। অফিসের দিনে ব্যস্ততার সময় চরম ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। কিন্তু রবিবার ছুটির দিনের আনন্দের সকালেও যথেষ্টই নাকাল হয়েছেন যাত্রীরা। অন্যান্য দিনের তুলনায় দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও বেশি। তার মধ্যে সকালবেলাই ব্যাহত হয়েছে পরিষেবা। ঘটনার পর ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত চালু ছিল মেট্রো।

জানা গিয়েছে, ওই ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে মেট্রো স্টেশনে বারবার আত্মহত্যা কিংবা আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতা মেট্রোর নিরাপত্তা । আর বারবার ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ সাধারণ মানুষও।

RELATED Articles

Leave a Comment