বারুইপুরে নবম শ্রেণির এক ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দুর্গাপুজোর অষ্টমীর রাতে ঘটেছে এই ঘটনা। পুলিশ ইতিমধ্যেই নাবালক প্রেমিক ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে, তবে অপর এক অভিযুক্ত এখনও পলাতক।
সূত্রের খবর, প্রায় দেড় মাস আগে সোশ্যাল মিডিয়ায় এক নাবালকের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কথাবার্তা, ফোনে যোগাযোগ—সব মিলিয়ে সম্পর্ক গভীর হয়। অষ্টমীর রাতে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করে তারা।
অভিযোগ, ওই রাতে বারুইপুরে একটি ঠাকুর দেখা শেষে কামালগাজি বাইপাসের দিকে যায় কিশোরী। সেখানে প্রেমিকের সঙ্গে দেখা হয় তার। প্রেমিকের সঙ্গে এসেছিল আরও দুই বন্ধু, আলাদা একটি বাইকে। এরপর কিশোরীকে বাইকে তুলে নিয়ে যাওয়া হয় বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাইপাস সংলগ্ন এক নির্জন এলাকায়। অভিযোগ, সেখানে কিশোরীকে একাধিকবার হেনস্থা করা হয়।
পরের দিন সকাল থেকে অসুস্থ বোধ করতে শুরু করে কিশোরী। তখনই আত্মীয়দের মাধ্যমে খবর যায় তার পরিবারের কাছে। দুপুরে তাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমেই নাবালক প্রেমিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনায় যুক্ত ছিল আরও দুইজন। পরে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে পুলিশ। তৃতীয় জনের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুনঃ BJP MLA: ফের বিক্ষোভে মুখে বিজেপি বিধায়ক মনোজ ওরাও, সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তৎপর!
বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। পুলিশ জানিয়েছে, মেয়েটির শারীরিক ও মানসিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।





