কলকাতা পুরসভা নির্বাচনে প্রথম জিত বিজেপির, ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতলেন মীনাদেবী পুরোহিত

বিগত বেশ কয়েক বছর ধরেই কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডে বিজেপিরই আধিপত্য। পশ্চিমবঙ্গে প্রথমেই যে স্থানগুলিতে বিজেপি নিজের জমি শক্ত করতে পেরেছিল, তার মধ্যে কলকাতার বড়বাজার এলাকা অন্যতম।

এই বড়বাজার এলাকার পোস্তা এলাকার এই ওয়ার্ডেই বিগত বেশ কিছু বছর ধরে কাউন্সিলর পদে থেকেছেন বিজেপির মীনাদেবী পুরোহিত। এবারেও তার অন্যথা হল না। ফের নিজের গড়ে এক হাজারের বেশি ভোটে জয়ী হলেন তিনি।

একসময়ে সুব্রত মুখোপাধ্যায়ের অধীনে কলকাতার ডেপুটি মেয়র ছিলেন মীনাদেবী পুরোহিত। এবারে ভোটের দিন তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।

এই ওয়ার্ডে মীনাদেবী পুরোহিতের বিরুদ্ধে তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন শ্যামপ্রকাশ পুরোহিত। সিপিএম এই আসনে কোনও প্রার্থী দেয়নি। এই ওয়ার্ডে হিন্দিভাষীদের প্রভাব অনেক হওয়ায় ২০০৫ থেকে এখানে জিতে আসছে বিজেপি। এবারও মীনাদেবীর বাজি সেই হিন্দিভাষী ভোটাররা।

২০১৫ সালে এই ওয়ার্ড থেকে মীনাদেবী ৭১.৮০ ভোট পেয়েছিলেন। অন্যদিকে, তৃণমূলের তরফেও ২০১৫ সালে এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ছিলেন শ্যামপ্রকাশ পুরোহিত। সে বছর তিনি মাত্র ১৬.৪৩ ভোট ভোট পেয়েছিলেন।

এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে হুগলী নদীর গা ঘেঁষা পোর্ট ট্রাস্ট রোড। দক্ষিণে রয়েছে মহাত্মা গান্ধী রোড ও কটন স্ট্রিট। পূর্ব দিকে রয়েছে কলাকার স্ট্রিট, জগমোহন স্ট্রিট।

আরও অন্যান্য খবর