সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে গিরিশ পার্ক থানা থেকে হাজিরার নোটিশ পেলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে কয়েকদিন আগে ফেসবুকে মুম্বইয়ের ভিডিও পোস্ট করে সেটি খিদিরপুরে বলে দাবি করেছিলেন তিনি। আর তার জেরে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। এর ভিত্তিতে গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে বিজেপির হয়ে লড়াই করা অনুপম হাজরাকে গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল।
বৃহস্পতিবার তাঁকে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয় গিরিশ পার্ক থানার তরফে। ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, বিজেপি নেতা অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি দিয়ে একটি পোস্ট করেছেন। এটি বিদ্বেষ ও প্ররোচনামূলক। এর ফলে উত্তেজনা তৈরি হতে পারে। তিনি কেনও এই ধরনের কাণ্ড ঘটালেন তা জানতে চাওয়া হয়েছে।
এর প্রেক্ষিতে বিজেপি নেতা অনুপম হাজরা জানিয়েছেন, আমাকে ঠিক কী কারণে ডাকা হয়েছে তা আমি বুঝতে পারছি না। মনে হয়, শাসকদলের প্রচুর কুকীর্তির কথা প্রকাশ্যে আনায়। আর শাসকদলের নেতাদের রেশনের চাল চুরির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে। সেই কারণেই এই ধরনের নোটিস পাঠানো হয়েছে।
এর আগেও রাজ্য সরকারের সমালোচনা করে একটি ফেসবুক লাইভ করেছিলেন একসময় তৃণমূল করা অনুপম হাজরা। সেটি নিয়ে বিতর্ক হওয়ার পরেও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল তাঁর নামে।





