আশঙ্কা সত্যি? পরিযায়ীদের প্রবেশের পরই রাজ্যে একদিনে করোনা রোগীর সংখ্যা ৩৪৪

চিকিৎসকদের আশঙ্কা এবার সত্যি হলো। রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতেই হু হু করে বেড়ে গেল করোনার সংখ্যা। সব রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড গড়ল রাজ্য। বৃহস্পতিবার একদিনে রাজ্যে ৩৪৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এর আগে গত রবিবার পশ্চিমবঙ্গে রোগীর সর্বোচ্চ সংখ্যা ছিল ২০৮। এদিন সব রেকর্ড ভেঙে গেল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬।

ভিনরাজ্যে থাকা শ্রমিকদের এই মুহূর্তে রাজ্যে ফেরালে পশ্চিমবঙ্গে সংক্রমণ যে বাড়তে পারে সেই আশঙ্কা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের চিকিৎসকরা। আজ সেই আশঙ্কাই সত্যি হল। এমনিতেই গত কয়েকদিন ধরে হু হু করে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। তার মধ্যে করোনা নিয়ে শ্রমিকদের রাজ্যে প্রবেশের কারনে সেই গতি আরো ত্বরান্বিত হয়েছে।

একদিনে রাজ্যে ৬ জনের মৃত্যুতে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৩০০-র কাছাকাছি পৌঁছে গেল। পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৫। গতকাল ৬ জনের মধ্যে ৩ জন কলকাতা, ২ জন হুগলি ও ১ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এখন মোট করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১,৬৬৮। গত ২৪ ঘণ্টায় যে ৩৪৪ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে তার মধ্যে ৮৭ জনই কলকাতার ৫৫ জন রয়েছেন হাওড়া থেকে।এছাড়া উত্তর ২৪ পরগনা থেকে আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

কলকাতা ও শহরতলির সাথে পাল্লা দিয়ে রোগীর সংখ্যা বাড়ছে জেলাতেও। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে ৪৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়া বীরভূমে ২৭ জন করোনা আক্রান্তের খবর এসেছে। তবে জেলায় করোনা আক্রান্তরা প্রায় সবাই ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিক। অন্যরাজ্য থেকে ফিরে সবাই এখন কোয়ারেন্টাইনে আছেন। তবুও বিভিন্ন জেলায় বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। একে মোটেও হালকা ভাবে নিতে পারছে না রাজ্য স্বাস্থ্য দফতর।

RELATED Articles

Leave a Comment