সল্টলেকে প্রাক্তন নগরপালের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির মৃত্যুতে কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি দিলীপ ঘোষের

শনিবার সল্টলেকের বিই ব্লকের বন্ধ ঘর থেকে উদ্ধার হয় এক মা ও মেয়ের মৃতদেহ।পরে জানা যায় মৃতা শর্মিষ্ঠা কর পুরকায়স্থ কলকাতার প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী। প্রাক্তন নগরপালের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কয়েক বছর আগেই বিবাহবিচ্ছেদ ঘটে।

এই রহস্যজনক ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও বেশ আলোচনা চলছে। এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘শর্মিষ্ঠা কর পুরকায়স্থ ও তাঁর মায়ের এমন রহস্যজনকভাবে মৃত্যুর তদন্তের ভার নিরপেক্ষ সংস্থার হাতে তুলে দেওয়াই ভালো।’

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, গত দু’দিন ধরে সোসাইটিতে দেখা মেলেনি তাদের। তার আগে বেশ কয়েকদিন ধরেই দুজনে সর্দি-জ্বরে ভুগছিলেন। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে আগের মতো আর মেলামেশাও করতেন না তারা। নিজেদের মতো থাকতেন। কিন্তু গত দুদিন তাদের দেখা না পাওয়া গেলে সন্দেহ হয় প্রতিবেশীদের। এমনকি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ আরো গভীর হয়। আত্মীয়রাও ফোন করে যোগাযোগ করতে পারেনি বলে খবর। শনিবার সন্ধে প্রতিবেশীরাই থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে। এরপর দু’জনের দেহকে প্রথমে বিধাননগর হাসপাতালে তারপর ময়নাতদন্তের জন্য আরজিকরে পাঠানো হয়।

জানা গিয়েছে, কিছুদিন আগেই পাপিয়াদেবীর একটি অপারেশন হয়েছিল। তার জন্য বেশ কয়েকদিন তিনি হাসপাতালেই ছিলেন। গত ৩ দিন আগে তিনি ফিরেছিলেন। এমনকি তাঁরা স্বাস্থ্যদফতরের নজরেই ছিলেন। করোনায় তাদের মৃত্যু কিনা, তা খতিয়ে দেখছে ডাক্তাররা। তবে করোনা ভয়ে ইতিমধ্যেই এলাকায় স্যানিটাইজ করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment