এরকম নজিরবিহীন ঘটনা এই রাজ্যে আগে ঘটেনি। ভোট পরবর্তী হিংসায় ত্রস্ত গোটা বাংলা। বিজেপি এবং বাম সমর্থকদের উপর যেভাবে হামলা চালাচ্ছে শাসক শিবির তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এমতাবস্থায় শতাধিক বিজেপি কর্মী-পরিবার কলকাতায় প্রাণ বাঁচাতে ছুটে এসেছেন।
আর তাদের জন্যই এবার খুলে দেওয়া হয়েছে ৬, মুরলীধর লেনের দরজা। বিজেপির সদর দপ্তরে আশ্রয় দেওয়া হয়েছে এই পরিবারদের। তাদের জন্য করা হয়েছে সেফ হোম।
এদের কারোর উপর হয়েছে নৃশংস মারধর আবার কারোর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক বাড়তে শুরু করায় পাশের মাহেশ্বরী ভবনও খুলে দিতে বাধ্য হন শীর্ষ নেতৃত্ব।
গোটা ঘটনায় এতটাই ভয়ে রয়েছেন এই বিজেপি কর্মী সমর্থকরা যে তারা মিডিয়ার সামনে আসতেই ভয় পাচ্ছেন। তবুও খোঁজ নিয়ে জানা গিয়েছে, তারা এখন বিজেপির সদর দপ্তরে সুরক্ষিত আছেন।





