Hooghly : হুগলির বৈদ্যবাটিতে বাড়ির দেয়ালে বোমা! রাজনৈতিক ছায়া নাকি নিছক কাকতালীয় ঘটনা? কি বললেন কাউন্সিলর স্বপন কুমার ঘোষ?

হুগলির বৈদ্যবাটির খামারডাঙ্গা এলাকায় আচমকা এক বাড়িতে বোমা পড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বহু মানুষের। বোমা ফাটার তীব্র আওয়াজে মুহূর্তে আলো নিভে যায় আশেপাশের বেশ কিছু বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় হঠাৎ করেই দু’জন অজ্ঞাতপরিচয় যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই বোমা পড়ার শব্দ শোনা যায় এবং তারপর তারা পালিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় পৌঁছে যায় শ্রীরামপুর থানার পুলিশ। তদন্তে নেমে তারা আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে।

এ বিষয়ে বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুমার ঘোষ জানিয়েছেন, “সিসিটিভি ক্যামেরায় দু’জন ছেলেকে দেখা গিয়েছে, তবে তারা কারা, কী উদ্দেশ্যে এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।” তিনি আরও জানান, “পুরো বিষয়টি পুলিশের হাতে ছেড়ে দিয়েছি। ওঁরা তদন্ত করে দেখছেন। আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি, তাঁরাও বুঝতে পারছেন না কে বা কারা এমনটা করল।”

তদন্ত সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক যোগ খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। বোমা বাজির ঘটনায় কোনও স্থানীয় বিবাদ, প্রতিহিংসা বা ভয় দেখানোর চেষ্টা রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

আরও পড়ুনঃ West Bengal : আজ থেকেই বাংলায় শুরু ‘এস আই আর’— ভোটার তালিকা সংশোধনে শাসক-বিরোধী টানাপোড়েন! সর্বদল বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা!

ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিবার ও কাউন্সিলর উভয়েই প্রশাসনের কাছে দাবি করেছেন—যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের যেন চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হয়। বর্তমানে শ্রীরামপুর থানার আধিকারিকরা এলাকা জুড়ে টহল দিচ্ছেন এবং বাড়তি নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles