রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জন। মৃত্যু হয়েছে ছয়জনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন। রাজ্যে তিনি আগেই টোটাল লকডাউন ঘোষণা করেছেন, তারপরে কেন্দ্রীয় সরকার গোটা ভারতে লকডাউন ঘোষণা করে। এই অবস্থায় তিনি একটি ত্রাণ তহবিল খুলেছেন যেখানে সাধারণ মানুষ থেকে তারকা, যে যার সাধ্যমত অনুদান দিতে পারবেন। বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীরা টাকা ইতিমধ্যেই প্রদান করেছেন এই তহবিলে।
এবার সেই তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিলেন জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ‘দ্য বং গাই’ কিরণ দত্ত। বাংলার যুব প্রজন্মের মধ্যে কিরণ প্রবল জনপ্রিয়। বছর চব্বিশের কিরণ দুদিন আগে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে দেখা যাচ্ছে কিরণ পশ্চিমবঙ্গ সরকারের করোনা রোধের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা ফোন পে-র মাধ্যমে ট্রান্সফার করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটিতে ৮ লক্ষ ৩১ হাজার ভিউ হয়েছে।
কৃষ্ণনগরের ধুবুলিয়ার এই তরুণ তুর্কি বয়স নির্বিশেষে সবার মন জয় করে নিয়েছে নিজের মজাদার ইউটিউব কনটেন্ট তৈরি করে। এই ভিডিওতে তার ভক্তরা তাকে ধন্য ধন্য করছে তার এই মহান উদ্যোগের জন্য। কিন্তু সব ভালো কাজেরই কিছু নিন্দুক থাকে, তেমনই অনেকেই বলছেন, টাকা দেওয়ার ভিডিও করে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে কিরণ, অনেকে বলছেন, যে টাকা সে দিয়েছে তা তো এই ভিডিওর মাধ্যমেই উঠে আসবে, এ তো নিজের স্বার্থ রক্ষা হয়ে গেল। কিরণ তার এই ভিডিওতে এই কথার উত্তর দিয়েই রেখেছে। দুটো কারণ সে নিজের মুখে বলেছে। এক, এই ভিডিও করে যে টাকা ইউটিউব থেকে সে পাবে, তা পরবর্তী সময়ে কোনো ভাল কাজে লাগানো হবে এবং তাকে দেখে যদি কেউ অনুদান দিতে এগিয়ে আসে তবে ব্যাপারটা ভাল লাগবে তাঁর।





