কেন্দ্রীয় মন্ত্রিসভায় মেট্রোর বাজেট বৃদ্ধি, ৮ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ ইস্ট ওয়েস্ট মেট্রোর খাতে

কেন্দ্রের মন্ত্রীসভা অবশেষে বাজেট বরাদ্দ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। এক‌ইসঙ্গে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্প শেষের মেয়াদ ধার্য হয়েছে। এবং সেইসঙ্গে ৮ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর খাতে!

সূত্রের খবর এরইমধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর ধর্মতলা থেকে শিয়ালদহ শাখা পর্যন্ত একটি দিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হচ্ছে শুক্রবার। এই কারণে ওইদিনই হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বর্তমানে উর্বী নামে যে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে, সেটি শিয়ালদহে পৌঁছে গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে চণ্ডী ও উর্বী নামে দু’টি টিবিএম। কিন্তু সুড়ঙ্গের মধ্যেই অকেজো হয়ে পড়ে চণ্ডী।

ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হলে ক্রেনের সাহায্যে টিবিএম-টিকে পাশের টানেলে বসানো হবে। তারপর শুরু হবে শিয়ালদহ থেকে বৌবাজার পর্যন্ত আরও এক দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। যে কাজ শুরু হবে ডিসেম্বরে। এ বছর আগস্টের শেষ থেকে উর্বীই সুড়ঙ্গ খোঁড়ার পুরো কাজ করেছে। এছাড়াও শিয়ালদহ থেকে বৌবাজার চণ্ডীর অসমাপ্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজও শেষ করবে উর্বী।

প্রসঙ্গত উল্লেখযোগ্য ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে ধর্মতলা থেকে শিয়ালদহের দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয় ২০১৯-এর মার্চে। গত বছরের আগস্টের শেষে পুজোর ঠিক মুখে সুড়ঙ্গে বিপর্যয়ের কারণে বন্ধ হয় কাজ। তারপর হাইকোর্টের নির্দেশে ফের কাজ শুরু হয় এই বছরের জানুয়ারি মাস থেকে।

RELATED Articles

Leave a Comment