দমকল বিভাগে ফায়ার অপারেটর নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের জেরেই এবার পাবলিক সার্ভিস কমিশনকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের তরফে কমিশনকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
দ্বিতীয়বার সময় দেওয়ার পরও হলফনামা জমা দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। সেই কারণেই এই জরিমানা। পাবলিক সার্ভিস কমিশনকে ১০ হাজার টাকার জ্রিমানাক করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। চলতি সপ্তাহেই রাজ্যের লিগাল সার্ভিস অথরিটিকে এই টাকা জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে। শুধু জরিমানাই নয়, এদিনের এই শুনানিতে দমকলে নিয়োগ প্রক্রিয়ার উপর জারি থাকা স্থগিতাদেশের মেয়াদও আরও বাড়াল ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের তরফে হলফনামা জমা দেওয়ার জন্য আরও দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এর আগেও এক সপ্তাহ বাড়তি সময় চাওয়া হয়েছিল। আজ ফের একবার সময় চেয়েছে পিএসসি। আর সেই কারণেই এই জরিমানা। চলতি সপ্তাহেই রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে এই জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর পাশাপাশি দমকলে নিয়োগের উপর আদালত যে স্থগিতাদেশ দিয়েছিল, সেই স্থগিতাদেশের মেয়াদও আরও চার সপ্তাহ বাড়িয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৮ সালে অগ্নিনির্বাপন বিভাগে ১৫০০ ফায়ার অপারেটর নিয়োগ করার জন্য নোটিশ জারি করেছিল রাজ্য সরকার। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয়। কিন্তু ফল প্রকাশের পর থেকেই শুরু হয় নানান সমস্যা।
অভিযোগ ওঠে যে এই পরীক্ষায় প্রশ্নপত্র ভুল ছিল। এমন অভিযোগ্য ওঠে, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে পরীক্ষায় যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, তা সেই সময় দেওয়া হয়নি। এমনকি চাকরিপ্রার্থীকে তফশিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। এরপরই চাকরিপ্রার্থীরা স্যাট-এর কাছে মামলা দায়ের করে, কিন্তু সেখানে সেই মামলা খারিজ হয়ে যায়। এর ফলে পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেই মামলারই শুনানি ছিল আজ।





