আদালত অবমাননার জের! পঞ্চায়েত ভোটের মামলায় নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচন মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। আদালত অবমাননার দায়ে নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে এবার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতে হাজিরা দিতে হবে নির্বাচন কমিশনারকে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

নির্বাচন কমিশনারের পদটি যেমন একটি সাংবিধানিক পদ, তেমনই আবার প্রধান বিচারপতির পদটিও সাংবিধানিক পদ। ফলে আদালতের এই নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভোটের আগে থেকেই একাধিক ঝামেলা হয় আদালতে। আদালত নির্দেশ দিয়েছিল যে ভোটে যদি কোনও হিংসার ঘটনা ঘটে, তাহলে সেই দায় কমিশনারকেই নিতে হবে।

পঞ্চায়েত ভোটের সময়ে বার বার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁকে ভর্ৎসনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বাংলায় পঞ্চায়েত রক্তপাতের দায় পুরোপুরি নির্বাচন কমিশনারের বলে মন্তব্য করেছিলেন রাজ্যপাল। 

ভোটের পর নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহারই করা হয়নি, এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানান তিনি। শুভেন্দুর অভিযোগ ছিল, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি।

এই মামলার শুনানি ছিল আজ, শুক্রবার। এদিন সওয়াল জবাব শেষে আদালতের পর্যবেক্ষণ, সত্যিই আদালত অবমাননা করেছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেই কারণে রুল জারি করা হল তাঁর নামে। আগামী ২৪ ডিসেম্বর রাজীব সিনহাকে আদালতে উপস্থিত থেকে বিচারপতির প্রশ্নের জবাব দিতে হবে।

RELATED Articles