করোনা জুজুকে তাড়াতে এবার কামান দাগবে কলকাতা পুরসভা! তিলোত্তমায় আসতে চলেছে ২৭ লক্ষ টাকার বিশেষ গাড়ি যা ধ্বংস করবে করোনাভাইরাসকে। কলকাতায় সম্প্রতি বেড়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। দিন দিন বাড়ছে সংক্রমণের হার। কিন্তু কলকাতা পুরসভার কাছে এই করোনা মোকাবিলার জন্য সরঞ্জাম প্রয়োজনের তুলনায় কম ছিল।
কলকাতার কোনও একটি এলাকায় যদি একটি গাড়িকে স্প্রে করতে পাঠানো হচ্ছে তাহলে সেটা অনেকক্ষণ সময় লাগাচ্ছে। এর ফলে রোগ প্রতিরোধ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। তাই এবার কামান স্বরূপ একটি বিশেষ গাড়ি কেনা হয়েছে কলকাতা পুরসভা থেকে। খরচ পড়েছে ২৭ লক্ষ টাকা। শনিবার দুপুরে রাসমণি রোডে এই কামান গাড়ির উদ্বোধন করবেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।
এই গাড়ি কম সময়ে অনেকটা এলাকা জীবাণুনাশক ছড়াতে পারবে। তবে চওড়া জায়গাতেই এই গাড়ি কাজ করতে পারবে। যেমন ফুটপাত, চওড়া রাস্তা, বড় বিল্ডিং, অফিস এই জায়গাগুলোতে মুহূর্তের মধ্যেই স্যানিটাইজ করে ফেলবে এই কামান গাড়ি।
এই গাড়ি ৩৬০ ডিগ্রী ঘুরতে পারে, ৮০ মিটার দূরত্ব পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল স্প্রে করতে পারে। এই গাড়ির পিছনে রয়েছে জেনারেটর এবং একটি জলের ট্যাঙ্কার। সামনেরর প্রান্তে রয়েছে কামান।
এই কামানই এবার কামাল করবে। গোলার বদলে বেরোবে ডিসইনফ্যাক্টান্ট তরল যা অনেকটা ব্যাসার্ধ পর্যন্ত ছড়িয়ে পড়বে। তাই এবার যদি রাজপথে দেখেন যে কামান এগিয়ে আসছে তখন ভয় পাবেন না যেন!





