RG KAR case : ‘টাকা নিয়ে মামলা চাপা পড়ছে?’ সিবিআই-কে নিয়ে প্রশ্ন তুলল আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার!

একসময় যে ঘটনায় তোলপাড় উঠেছিল গোটা দেশ, সেই আরজি কর (RG Kar Case) কাণ্ড ঘিরে ফের উত্তাল হচ্ছে রাজ্য রাজনীতি। হাসপাতালের ভিতরে এক তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু নিয়ে বছর ঘুরলেও আজও থামেনি চর্চা। এবার মৃত চিকিৎসকের পরিবারের বিস্ফোরক অভিযোগে আরও এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

ঘটনার নিরপেক্ষ ও কঠোর বিচার চেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উদ্দেশে চিঠি পাঠিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের কথায়, ‘‘আমাদের কাছে খবর এসেছে, সিবিআই টাকার বিনিময়ে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।’’ তাঁদের এই বক্তব্য সামনে আসতেই নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিকে নির্যাতিতার পরিবারের এই অভিযোগকে ঘিরে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ‘‘ঘটনার পরই কলকাতা পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল। পরিবারের দাবি মেনে তদন্তের দায়িত্ব সিবিআই পায়। এবার যদি CBI তদন্ত নিয়েও প্রশ্ন ওঠে, তবে পরিবারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠবে।’’ রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য ঘিরেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অগস্ট রাতের অন্ধকারে আরজি কর হাসপাতাল-এর সেমিনার হলে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে নির্মম ভাবে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। শিয়ালদহ আদালতে চলা মূল মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়-এর যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে অনেকের মতে, এমন নির্মম ঘটনাকে কেন ‘বিরলতম’ অপরাধ হিসেবে গণ্য করা হল না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ Pakistan Terrorism : ‘ওই জঘন্য গোষ্ঠীকে সরান’, সাফ বার্তা পাকিস্তানকে আমেরিকার, সংখ্যালঘু সুরক্ষা নিয়েও উঠল প্রশ্ন!

এখনও পর্যন্ত CBI-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে নিহত চিকিৎসকের পরিবারের এই অভিযোগ সামনে আসার পর নতুন করে তদন্তের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। সত্যিই কি অর্থের বিনিময়ে তদন্তে প্রভাব পড়ছে, নাকি রাজনৈতিক স্বার্থে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে—এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের অপেক্ষা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles