একটি তরুণ প্রাণের নিভে যাওয়া, আর তার আগে রেখে যাওয়া কিছু না বলা আর্তনাদ—এমন ঘটনাই আবারও নাড়িয়ে দিল শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নগুলোকে। মৃত্যুর ঠিক আগে একটি মোবাইল ভিডিও, যেখানে ধরা পড়েছে এক ছাত্রীর ভয়, ক্ষোভ আর অসহায়তার ছবি। সেই ভিডিও সামনে আসতেই বদলে যায় গোটা তদন্তের গতিপথ। কলেজ জীবনের আড়ালে লুকিয়ে থাকা র্যাগিং, মানসিক নির্যাতন এবং যৌন হেনস্থার অভিযোগ এবার প্রকাশ্যে।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ওই ছাত্রীকে একাধিকভাবে হেনস্থা করা হচ্ছিল। শুধু সহপাঠীদের তরফে নয়, একজন অধ্যাপকের বিরুদ্ধেও ওঠে গুরুতর অভিযোগ। শারীরিক স্পর্শ, অশালীন মন্তব্য এবং লাগাতার মানসিক চাপ—এই সব মিলেই ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন তিনি। পরিবারের দাবি, মুখ খুলতে চাইলেই তাঁকে হুমকি দেওয়া হত। এই পরিস্থিতিতে ক্রমশ অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী, শুরু হয় একের পর এক হাসপাতালে চিকিৎসা।
ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের ধর্মশালার একটি সরকারি ডিগ্রি কলেজে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ বছরের ওই ছাত্রী ২০২৪ সালে ওই কলেজে ভর্তি হন। অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর নির্মম র্যাগিংয়ের শিকার হন তিনি। তিন ছাত্রী—হর্ষিতা, আকৃতি ও কমলিকার বিরুদ্ধে মারধর ও মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন মৃত ছাত্রীর বাবা। পাশাপাশি কলেজের অধ্যাপক অশোক কুমারের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে।
তদন্তে সবচেয়ে বড় মোড় আসে মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিও সামনে আসার পর। সেখানে ওই ছাত্রী স্পষ্ট ভাষায় জানান, কীভাবে অধ্যাপক তাঁকে অশালীনভাবে স্পর্শ করতেন এবং মানসিকভাবে চাপে রাখতেন। ভিডিওতে এক মহিলা অধ্যাপকের প্রশ্নের উত্তরে অভিযুক্ত শিক্ষকের নামও জানান তিনি। এই ভিডিওর ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৭৫, ১১৫(২), ৩(৫) ধারা এবং হিমাচল প্রদেশ র্যাগিং নিষিদ্ধকরণ আইন অনুযায়ী এফআইআর দায়ের করেছে। যদিও ভিডিওটির সত্যতা এখনো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে।
আরও পড়ুনঃ Bangladesh : বাংলাদেশে পুকুরে ঝাঁপিয়েও রক্ষা হল না! উন্মত্ত জনতার আগুনে ঝলসে মৃ*ত্যু হিন্দু ব্যক্তির, প্রশ্নের মুখে ইউনুস সরকার!
পরিবারের দাবি, লাগাতার মানসিক ট্রমার কারণেই শারীরিক অবস্থার অবনতি হয় ছাত্রীর। একাধিক হাসপাতালে চিকিৎসার পর শেষ পর্যন্ত ২৬ ডিসেম্বর লুধিয়ানার ডিএমসি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষ অবশ্য আগে কোনও লিখিত অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছে। অধ্যক্ষের বক্তব্য, পড়াশোনার চাপ ও ভর্তি সংক্রান্ত সমস্যায় ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে প্রশ্ন উঠছেই—ভিডিওতে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন সময়মতো ব্যবস্থা নেওয়া হল না? একটি প্রাণ ঝরে যাওয়ার পরেই কি প্রশাসনের ঘুম ভাঙল? সেই উত্তরই এখন খুঁজছে তদন্তকারী সংস্থা।






