গেরুয়া বিতর্কের মাঝেই রবিবাসরীয় সন্ধ্যায় আচমকাই ফিরহাদের বাড়ি হাজির অরিজিৎ সিং, কারণটা রাজনৈতিক নয় তো? তুঙ্গে জল্পনা

গত শনিবারের পর আপাতত গোটা কলকাতা এখন অরিজিৎ সিংয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে। শনিবার অ্যাকোয়াটিকায় কনসার্ট ছিল অরিজিতের। সেই কনসার্টের নানান ক্লিপিংস এখন সোশ্যাল মিডিয়ায় ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। আর এসবের মধ্যে আচমকাই রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে দেখা গেল অরিজিৎ সিং-কে।

ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনীর হাকিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কয়েকটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে ফিরহাফ হাকিমের সঙ্গে বেশ খোশমেজাজে গল্প করছেন অরিজিৎ সিং। ফিরহাদের পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন সেখানে। সকলের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন গায়ক।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল। এই ছবিকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ছবিগুলি শেয়ার করে প্রিয়দর্শিনী হাকিম লেখেন, “গতরাতের লাইভ কনসার্টে অরিজিৎ সিংয়ের গান লাইভ শোনার ঘোর এখনও কাটেনি। তার মাঝেই আমাদের বাড়িতে তিনি। গানের মতো তাঁর ব্যবহারও সপ্রতিভ”।

শনিবারের অনুষ্ঠানে ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছেন অরিজিৎ। ফিল্ম ফেস্টিভ্যালে এই গান গাওয়ার জন্য যে বিতর্ক তৈরি হয়, সেই প্রসঙ্গও এদিন তোলেন অরিজিৎ। বলেন, “এই গান গাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং, স্বামীজির রং। স্বামীজি যদি সাদা পরতেন তাহলেও এত বিতর্ক হত”?

গায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে বেশ তরজা শুরু হয়েছে। তবে ফিরহাদ হাকিমের বাড়িতে অরিজিতের উপস্থিতি ভালো চোখে দেখছে না বিজেপি। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “গেরুয়া তো স্বামীজির রং। একথাটাই বলতে কি ববি হাকিমের বাড়িতে উপস্থিত হতে হল স্বয়ং শ্রী অরিজিৎ সিংকে? এই না হলে এগিয়ে বাংলা”। যদিও রাজনৈতিক কাটাছেঁড়ায় কান দিতে নারাজ অরিজিৎ সিং। 

শনিবার অ্যাকোয়াটিকার মঞ্চে ‘রং দে তু মোহে’ গেরুয়া গানটি গাওয়ার পর অরিজিতের প্রতিক্রিয়ার পর এই নিয়ে মুখ খোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি এক সংবাদমাধ্যমে বলেন, “অরিজিৎ সিং যা বলেছেন সঠিক কথা বলেছেন। অকারণ একটি রং নিয়ে রাজনীতি করছিল বিজেপি। গায়ক নিজের মতো করে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। মানুষ তা শুনেছেন”।

RELATED Articles