‘আমি কোনও টাকা নিই নি, অভিযোগ করেছিলাম বলে গ্রেফতার হলাম’, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারি নিয়ে আদালতে যাওয়ার সময় বললেন তাপস

গ্রেফতার হওয়ার পর আদালতে পেশ হওয়ার সময়ও ফের একবার হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে বিস্ফোরক দাবী করলেন তাপস মণ্ডল (Tapas Mandal)। আজ, সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের (Alipur CBI Court) সামনে দাঁড়িয়ে ফের একবার নিজেকে নির্দোষ দাবী করেন তাপস। তাঁর দাবী, তিনি অভিযোগ করেছিলেন বলেই এভাবে অভিযুক্ত হতে হল তাঁকে।

গতকাল, রবিবার নিজাম প্যালেসে তাপসকে তলব করে সিবিআই। তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এদিন নীলাদ্রি ঘোষ নামে এক এজেন্টকেও গ্রেফতার করে সিবিআই। গতকাল রাতে দু’জনকেই নিজাম প্যালেসেই রাখা হয়। এরপর আজ, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হয় তাদের।

আদালতে পেশের ঠিক আগের মুহূর্তে ফের একেরবার মুখ খুললেন তাপস মণ্ডল। তিনি বলেন, “টাকা আমি নিইনি। কুন্তল নিয়েছিল। ৫০ লক্ষ নয়। ১৯ কোটি টাকা নিয়েছিল। ওর থেকে টাকা ফেরতের দাবী জানিয়েছিলাম। অভিযোগ করেছিলাম। তাই আজ অভিযুক্ত”।

এর আগে রবিবার গ্রেফতারির ঠিক পরই প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জালে ধরা পড়া মানিক ঘনিষ্ঠ তাপস। তখনও নিজেকে নির্দোষ বলেই দাবী করেছিলেন তিনি। তদন্তের সহযোগিতার পরেও কেন গ্রেফতার করা হল, তা বুঝতে পারছেন না বলেও জানান।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পরই তাপস মণ্ডলের নাম সামনে আসে। এরপর সম্প্রতি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাপসের নাম এই মামলায় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কুন্তল বারবার তাপসের নাম নিয়েছেন।

এদিকে আবার তাপস মণ্ডলকে জেরা করে নীলাদ্রি ঘোষের কথা জানতে পারে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে তাপস, নীলাদ্রি ও কুন্তল কীভাবে যুক্ত, তা জানার জন্য তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন সিবিআই আধিকারিক। আজ, সোমবার তিনজনকেই আদালতে পেশ করা হচ্ছে। সেখানে কী হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles