অনলাইনে ক্লাস শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে

বৃহস্পতিবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শুরু হল অনলাইন ক্লাস । আপাতত, বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা ও লাইব্রেরি সায়েন্স বিভাগে শুরু হয়েছে এই অনলাইন ক্লাস । দুটি বিভাগের একজন করে অধ্যাপক উদ্যোগ নিয়ে এই অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন । করোনা ভাইরাসের কারণে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ই এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ছুটির সময়ে সিলেবাস শেষ করার জন্যই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে । এর আগে কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর কথা জানা গেলেও সরকারি কোনও প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের কথা জানা যায়নি ।সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়েই প্রথম অনলাইন ক্লাস চালু করা হল ।

আজ একসঙ্গে বিভাগের 80 জন পড়ুয়ার অনলাইন ক্লাস নেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সুজয় ঘোষ । অনলাইন ক্লাস চালু নিয়ে কলকাতা তিনি বলেন, ” বিশ্ববিদ্যালয় আপাতত পঠন-পাঠন মুলতুবি আছে । সেমিস্টার পিছিয়ে যাওয়া ব্যাচেলর ডিগ্রি, কলেজগুলিকে যেভাবে প্রভাবিত করবে, স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের উপর প্রভাবটা অনেক বেশি পড়বে । সেই ভাবনা থেকেই মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবেদন করেছিলেন উপাচার্যদের কাছে, অনলাইন কিছু ব্যবস্থা করার ।  সেই অবস্থায় দাঁড়িয়ে আমি এবং আমার মতো দুই একজন অধ্যাপক চিন্তাভাবনা করে, আমরা যারা প্রযুক্তিতে সড়গড় ও ল্যাবরেটরিতে উপযুক্ত প্রযুক্তি রয়েছে, তাঁরা তরুণ ছাত্র-ছাত্রীদের সাহায্য নিয়ে গতকাল রাতেই একটা সেট আপ তৈরি করে ফেলি। যাতে আজ থেকেই অনলাইন ক্লাস চালু করে দিতে পারি ।”

অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে গতকাল রাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয় । তারপর আজ সকাল সাড়ে ১১টা থেকে বিভাগের ৮০ জন পড়ুয়াকে নিয়ে অনলাইন ক্লাস নেন অধ্যাপক সুজয় ঘোষ ।

মাইক্রোসফটের ‘টিম’ নামে একটা অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্লাস নিয়েছেন সুজয়বাবু । এই অ্যাপে একসঙ্গে ২০০ জন সাপোর্ট করে । এই অ্যাপের আর একটা ভালো দিক হল, ক্লাসের অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং হয়ে থাকছে । ফলে, কোনও ছাত্র-ছাত্রী যদি ক্লাস চলাকালীন কিছু মিস করে থাকে তাহলে সে চাইলে মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেকর্ডিং ভার্সনটা শেয়ার করে দেওয়া যাবে ।

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্সের অধ্যাপক সবুজ চৌধুরিও একই পদ্ধতিতে আজ অনলাইন ক্লাস নিয়েছেন । আগামী দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরও অনেক বিভাগ অনলাইন ক্লাস চালু করতে পারে।

RELATED Articles

Leave a Comment