মারাত্মক কান্ড ঘটে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবার অবসাদ গ্রস্ত হয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে জানালার কাচ ভেঙে হাসপাতালের সুপার স্পেশ্যালিটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক করোনা আক্রান্ত রোগী।
তবে স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ওই ৫৬ বছর বয়সী ব্যক্তি। মানসিক অবসাদের শিকার হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, জানালেন হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস।
সূত্রের খবর হাসপাতালের করোনা ওয়ার্ডের ৬ নম্বর বেডে থাকা ওই রোগী কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন। শুক্রবার রাতে ওয়ার্ডের অন্য কয়েকজন রোগীর সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। পরে তাঁদের মারধরও করার মতো অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে বউবাজার থানায় খবর দেন হাসপাতালের কর্মীরা। তখনই এক কর্মী লক্ষ্য করেন, ওই ওয়ার্ডের জানালার কাচ ভাঙা। জানালার পাশে কার্নিশে বসে নিচে লাফ দিতে উদ্যত হচ্ছেন ওই করোনা আক্রান্ত রোগী। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন স্বাস্থ্যকর্মীরা।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছন তাঁর পরিবারের লোকজন। তাঁদের তিনি জানান, তাঁর আর হাসপাতালে থাকতে ইচ্ছে করছে না। বাড়ি ফিরতে চান। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তি অনেকটাই সেরে উঠেছেন। আপাতত তাঁর কাউন্সেলিং শুরু করবেন মনোবিদরা।





