২১শে জুলাই উপলক্ষ্যে ‘অঘোষিত’ ছুটি শহরে, ধর্মতলামুখী সমস্ত বাস, একাধিক রাস্তায় মিছিল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সব সরকারি বাস। তাতে লোকজন ঠাসা। কিন্তু সেই বাসে করে কর্মস্থলে পৌঁছনো যাবে না। কারণ সেই বাসে রয়েছে তৃণমূল কর্মীরা। অন্য কোনও জায়গা, সেই সব বাসের গন্তব্যস্থল এক, ধর্মতলা। আর এর জেরে এদিন রাস্তায় বেরিয়ে বেশ দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

আজ ২১শে জুলাই। ধর্মতলায় এদিন শহিদ দিবসের সমাবেশ রয়েছে তৃণমূলের। এবার তৃণমূলের ২১ জুলাইয়ের বিশেষ তাৎপর্য রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এবছর বিপুল জন সমাবেশ প্রত্যাশা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত দু দিন ধরেই শহর জুড়ে তার প্রস্তুতি চোখে পড়ছে।

দূরদূরান্ত জেলা থেকে কর্মী সমর্থকেরা শহরে আগেই পৌঁছে গিয়েছেন। গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কের মতো একাধিক জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেই তাদের সভাস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এর জন্য প্রস্তুত করা হয়েছে একাধিক সরকারি বাস।

কোন কোন রাস্তা দিয়ে যাবে মিছিল?

  • শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড।
  • হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি।
  • পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড।
  • হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড।
  • শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড।
  • বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ।
  • কলকাতা স্টেশন থেকে আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড অথবা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ।
  • খিদিরপুর রোড।
  • হেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড।
  • ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র‌্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং।

তবে এদিন যারা স্কুল, কলেজ, অফিস যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন, তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। রাস্তায় বেরিয়ে মিলছে না বাস। আর বিকল্প ব্যবস্থাও তেমন একটা নেই। এর জেরে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। অন্যদিকে আবার সভাস্থলের দিকে যাওয়া শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। এদিন তাদের নেত্রী কী বক্তব্য রাখেন, সেদিকেই মুখিয়ে রয়েছেন সকলে।

আরও অন্যান্য খবর