নবম-দশম শ্রেণীতে নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে চার্জশিট (chargesheet) পেশ করেছে সিবিআই (CBI)। সেখানে নাম রয়েছে ১২ জনের। তবে এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেই। এবার এই চার্জশিট নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, এই নিয়োগ দুর্নীতিতে এখনও অনেক ‘বড় বড় লোক’দের গ্রেফতার হওয়া বাকি।
ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির জেরে ইডি-সিবিআইয়ের হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও শিক্ষা দফতরের আরও অনেকেই। এই নিয়ে গতকাল, মঙ্গলবার সিবিআই আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে। নবম-দশম শ্রেণীর এই চার্জশিটে ১২ জনের নাম রয়েছে।
তবে এই চার্জশিটে নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। যদিও সিবিআই তাঁকে গ্রেফতার করে গ্রুপ–সি মামলায়। তা সত্ত্বে ওই দুর্নীতি চলাকালীন যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাই মনে করা হচ্ছিল এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকতে পারে। তবে এটি সিবিআইয়ের প্রথম চার্জশিট।
সিবিআইয়ের চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন – কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিন, অশোক সাহা, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, জুঁই দাস, আজাদ আলি মির্জা এবং রোহিত কুমার ঝাঁ। আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থের নাম থাকতে পারে। এই চার্জশিটে উল্লেখিত ১২ জনের মধ্যে ৬ জন সরাসরি এসএসসি-র সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।
আজ, বুধবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে এই চার্জশিটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনও অনেক কিছুই বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ পার পাবেন না। এই দুর্নীতিতে অনেক বড় বড় লোক যুক্ত আছে। পালিয়ে কেউ বাঁচবে না”।
অন্যদিকে ভাটাপাড়ায় বোমাবাজিতে কিশোরের মৃত্যুর ঘটনায় দিলীপ বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই শাসকদল এই সব করছে”।





