বোমা ফেটে বিস্ফোরণের জেরে শিশুমৃত্যুর ঘটনার রেশ এখনও কাটে নি। এখনও রয়েছে শোকের ছায়া এরই মধ্যে ফের তাজা বোমা উদ্ধার হল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল শ্রমিক লাইন থেকে। আজ, বুধবার এই বোমা উদ্ধার করে পুলিশ। ভাটপাড়ায় আর কোনও জায়গায় বোমা মজুত রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। তাদের দফায় দফায় জেরা করা হচ্ছে।
গতকাল, মঙ্গলবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায় বোমা ফাটে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আর সেখান থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা ফেটে মৃত্যু হয়েছিল একটি শিশুর। অপর একটি শিশু গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিন রেললাইনের ধারেই পড়ে থাকতে দেখা যায় আরও একটি তাজা বোমা। পাশ দিয়েই চলতে থাকে ট্রেন। সিআইডি’র বম্ব স্কোয়াড তাজা বোমা উদ্ধার করে। এবার আবার ভাটপাড়া থেকে বোমা উদ্ধার হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে।
আবার আজ, বুধবার নতুন করে বোমা উদ্ধার হওয়ায় বেশ আতঙ্কে রয়েছেন ভাটপাড়ার বাসিন্দারা। জুটমিল শ্রমিক লাইন থেকে তাজা বোমা উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ। কেন সেখানে বোমা রাখল দুষ্কৃতীরা? তা খতিয়ে দেখছে পুলিশ। পরপর বোমা উদ্ধারের ঘটনার জেরে বেশ জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
ভাটাপাড়ায় বোমাবাজিতে কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই শাসকদল এই সব করছে। বাংলার জেলায় জেলায় বোমা, বন্দুকের কারবার চলছে। তাতে মানুষ আতঙ্কিত”।






